নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কোয়ারেন্টিন সময়সীমা কিছুটা কম হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ দিয়েই ফিরছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে দেশে ফিরে ছুটিতে থাকায় বোল্টকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামে নিউজিল্যান্ড।
আগামী ১৮ জুন ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থাকায় ইংল্যান্ডে চলে এসেছেন বোল্ট। বাধ্যতামূলক কোয়ারেন্টিনে চলে যান তিনি। তবে হঠাৎ করে বোল্টের কোয়ারেন্টিন সময়সীমা কিছুটা শিথিল করায় ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলার সুযোগ হলো বোল্টের।
এ ব্যাপারে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘দ্বিতীয় টেস্ট খেলার সুযোগ হয়েছে বোল্টের। ব্রিটিশ সরকার কোয়ারেন্টিনের কিছু শর্তাবলী শিথিল করেছে। আমাদের প্রত্যাশার চেয়ে তিন-চার দিন আগে কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছে সে।’
