ইংল্যান্ড ক্রিকেট দলকে আইসিসির জরিমানা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে জয়ের চেষ্টা না করায় ইংল্যান্ডের অধিনায়ক জো রুটের দল হয়েছে অনেক সমালোচনার শিকার। এরই মাঝে আইসিসি নিল এক বিরল সিদ্ধান্ত, করা হয়েছে জরিমানা। ধীর গতির বোলিংয়ের কারণে পুরো ইংল্যান্ড দলকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। টেস্টে ধীর গতির বোলিংয়ের জন্য জরিমানার দৃষ্টান্ত বিরল।

লর্ডসে ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন আইসিসির এলিট প্যানেলের সদস্য ক্রিস ব্রড। তিনিই ইংল্যান্ড দলের ওপর শাস্তি জারি করেন। আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে ব্যর্থ হলে বাড়তি সময়ের প্রতি ওভারের জন্য ২০ শতাংশ করে জরিমানা করা হয় তাদের। ইংল্যান্ড নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় নিয়ে ২ ওভার বোলিং করেছে। তাই পুরো দলকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ধীর বোলিংয়ের অভিযোগ আনেন দুই অন ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবোরো ও মাইকেল গুহ এবং তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও চতুর্থ আম্পায়ার মাইক বার্ন্স। তাদের অভিযোগের প্রেক্ষিতে ইংলিশ অধিনায়ক জো রুট দোষ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

লর্ডস টেস্টজুড়ে দাপট দেখিয়েছিল সফরকারী নিউজিল্যান্ড। শেষ দিনের শেষ দুই সেশনে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ছিল ২৭৩ রানের লক্ষ্য। ইংল্যান্ড জয়ের লোভ সামলে ম্যাচ বাঁচানোয় মনোযোগ দেয়, নিশ্চিত করে পরাজয় এড়ানো। শেষপর্যন্ত ড্র হয় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »