নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
৮-৯ বছর আগে টুইটারে বর্ণবাদী মন্তব্যের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সদ্য অভিষিক্ত ইংলিশ পেসার অলি রবিনসন।। ক্ষমা চেয়েও পার পাননি রবিনসন। অভিষেক ম্যাচেই দুই ইনিংসে ৪২ রান ও ৭ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আগমনি বার্তা দিয়েছিলেন রবিনসন। তবে দ্বিতীয় টেস্টের দলে আর বিবেচিতই হচ্ছেন না। ঘটনার তদন্তের ফল না আসা পর্যন্ত নিষিদ্ধ থাকবেন তিনি। ইংল্যান্ড দল ছেড়ে রবিনসনকে কাউন্টি দল সাসেক্সে চলে যেতে বলা হয়েছে। সদ্য অভিষিক্ত এই পেসারের নিষেধাজ্ঞা মানতে পারছেন না দেশটির ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী অলিভার ডাউডেন।
রবিনসনের শাস্তি বেশি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি। লর্ডস টেস্টের প্রথম দিন শেষেই এই ঘটনা তদন্ত করার কথা জানিয়েছিলেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী। সেই ঘটনার তদন্তের ফল না আসা পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে রবিনসনকে।
রবিনসনের শাস্তি প্রসঙ্গে অলিভার বলেন, ‘অলি রবিনসনের টুইটগুলো আপত্তিজনক ও ভুল ছিল। এগুলো এক দশকের পুরনো এবং কিশোর বয়সে লিখা। সে এখন প্রাপ্ত বয়স্ক হয়েছে এবং ভালোভাবে ক্ষমা চেয়েছে। ইসিবি তাকে নিষিদ্ধ করে বেশি করে ফেলেছে এবং তাদের আবারও ভাবা উচিত।’
লর্ডসের প্রথম দিনে ২ উইকেট নিয়ে অভিষেকটা দারুণ হলেও দিনের শেষে সমালোচনা শুনতে হয় ৮-৯ বছরের পুরনো টুইট নিয়ে। সেসব পুরনো টুইটগুলো ছিল সন্ত্রাসবাদের সঙ্গে মুসলিমদের সম্পৃক্ততার ইঙ্গিত, এশিয়ান বংশোদ্ভূত ও নারীদের প্রতি ছিল অবমাননাকর মন্তব্য। ফলে প্রথম দিন শেষে লিখিত ও ভিডিও বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছিলেন তিনি।
যেখানে রবিনসন বলেছিলেন, ‘এখনও পর্যন্ত ক্যারিয়ারের সবচেয়ে বড় দিনটিতে আমি বিব্রত আট বছর আগের বর্ণবাদী ও সেক্সিস্ট টুইটের জন্য, যা আজকে প্রকাশ্য হয়ে ছড়িয়ে পড়েছে। আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে, আমি বর্ণবাদী ও সেক্সিস্ট নই। নিজের কাজের জন্য আমি ভীষণভাবে অনুতপ্ত ও এমন মন্তব্যের জন্য লজ্জিত।
