নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের কয়েক রাউন্ড গেলেও এখনো খেলতে পারেননি ওপেনার ইমরুল কায়েস। মূলত করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় দলের বাইরে আলাদা আছেন তিনি। তবে আশার বাণী হলো করোনা থেকে মুক্তি মিলছে তার। এবং দ্রুতই দলের সাথে যোগ দিবেন তিনি।
এক গণমাধ্যনমে ইমরুল জানান, ‘টানা কয়েকদিন আইসোলেশনে থাকার পর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। দ্বিতীয় নমুনা পরীক্ষার ফলাফল পাবো ৭ জুন। এই পরীক্ষায় নেগেটিভ এলে সাধারণ জীবনযাপনে ফিরতে আর সমস্যা হবে না।’
এবারের আসরে এখন পর্যন্ত খেলতে না পারার আফসোস তো আছেই। সেই সাথে করোনায় আক্রান্ত হওয়ায় দলের সাথেও যুক্ত হতে পারেননি তিনি। তবে ষষ্ঠ কিংবা সপ্তম রাউন্ড থেকে খেলার সম্ভাবনা রয়েছে তার এবং করোনা নেগেটিভের সার্টিফিকেট মিললে তবেই দলের সাথে যুক্ত হতে পারবেন তিনি।
সবশেষ শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেলেও মূল দল থেকে বাদ পড়েন তিনি। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি হয়। তাকে দলে না রাখলে প্রাথমিক স্কোয়াডে কেনো নেওয়া হলো সেটা নিয়েও ভক্তরা প্রশ্ন ছুঁড়ে দেন। এরপর সবকিছু পাশ কাটিয়ে ডিপিএলে ফিরতে সব রকম প্রস্তুতি শেষ করেন।
তবে শেষ মূহুর্তে ক্রিকেটারদের যখন নিয়ম অনুযায়ী করোনা পরীক্ষা করা হয় সেখানেই তার করোনা ধরা পড়ে। এরপরই থেকেই আইসোলেশনে আছেন তিনি। ২৯মে’র করা করোনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। তবে তিনি নিজের বাসাতেই আইসোলেশনে ছিলেন।
