পিচ নিয়ে খুশি নন বাশার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের আসরে ডিপিএলে এখন পর্যন্ত ব্যাটসম্যানদের জন্য উইকেটে বিশেষ কিছুই দেখা যায়নি। যার জন্য ডিপিএলে চলছে বোলারদের আধিপত্য। সব মিলিয়ে উইকেটের আচরণে সন্তুষ্ট নন ক্রিকেটারদের থেকে নির্বাচকরাও। এদিকে উইকেট নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার।

এবারের আসরের ডিপিএলে বেশিরভাগ ম্যাচই হচ্ছে লো স্কোরিং। ডিপিএলে উইকেটের এমন আচরণে হতাশ জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

তিনি বলেন, ‘অবশ্যই, বৃষ্টি অনেক বড় বাধা। বৃষ্টির জন্য অনেক সমস্যা হচ্ছে। ম্যাচে ওভারও কাটতে হচ্ছে। টি-টোয়েন্টির জন্য যে ধরনের উইকেট দরকার সে ধরনের উইকেট দেওয়া যাচ্ছে না।’

কেন টি-টোয়েন্টির আদর্শ উইকেট দেওয়া যাচ্ছে না ব্যাটসম্যানদের, সেই কারণও ব্যাখ্যা করেছেন বাশার। তিনি বলেন, ‘উইকেট তৈরি সময় পাওয়া যাচ্ছে না, আবার বৃষ্টিও হচ্ছে। যে কারণে টি-টেয়েন্টির জন্য যে আদর্শ উইকেট চাই আমরা, সে ধরনের উইকেট পাওয়া যাচ্ছে না। টি-টোয়েন্টি ফরম্যাটে যেমন খেলা দেখতে চাই তেমন এখনো দেখতে পাইনি।’

এমন বোলিং সহায়ক উইকেটেও অনেককেই ব্যাট হাতে মাঝেমধ্যে জ্বলে উঠতে দেখা যাচ্ছে। হাবিবুল বাশার অবশ্য মনে করেন এই বোলারদের আধিপত্যর মাঝে ব্যাটসম্যানরা যারা ভালো করছে এটাও বেশ পজিটিভ ব্যাপার।

তার ভাষ্য, ‘এর মধ্যেও কিন্তু বেশ কিছু পারফরম্যান্স আমাদের চোখে পড়েছে। বেশ কিছু খেলোয়াড় পারফর্ম করছে। ব্যাটিংয়েও রান করছে, ভালো বোলিংও চোখে পড়েছে। সব মিলিয়ে বলব না যে একদম আদর্শ কিছু, আমরা ঠিক যেমন চাচ্ছি তেমন পাচ্ছি এমন নয়। তবে এর মধ্যেও ভালো কিছু দেখতে পাচ্ছি।’

সব মিলিয়ে ডিপিএলের উইকেট নিয়ে খুশি নন অনেকেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি হিসেবে এই ডিপিএল আসলে কতটা সহায়ক হবে সেটা নিয়েও উঠছে প্রশ্ন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »