শেখ জামালের কাছে মোহামেডানের হার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

বিকেএসপির মাঠে শাইনপুকুরের কাছে মুশফিকদের ৮ রানের হারের পর বিকেলে শেখ জামালের কাছে সাকিবের মোহামেডান হারে ১৬ রানে। আকাশি হলুদ শিবিরের সাথে সাদা-কালোরা টানা তিন ম্যাচ জয়ের পর আজ হারায় লাভজনক জায়গায় প্রাইম দোলেশ্বর।যদিও, ফরহাদ রেজার দল ৪ খেলায় ৭ পয়েন্ট নিয়ে সবার উর্ধে অবস্থান করছে। আর হেরেও মোহামেডান-আবাহনী পয়েন্ট সংগ্রহে সমান সমান।

আবাহনী সকালের ম্যাচে খেলাঘরের বিপক্ষে হেরে যায়। তাই এই ম্যাচটা জিতলে ৫ ম্যাচের সবকটিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকার দারুণ সুযোগ ছিল মোহামেডানের। কিন্তু, এমন সমীকরণ মাথায় নিয়ে খেলতে নেমে যেন সব তালগোল পাকিয়ে ফেলে সাকিব আল হাসানের দল। সুযোগটা হাতছাড়া করে কয়েক ওভারের ভুলে।

ম্যাচে সাদা-কালোদের আসল সর্বনাশটা হয় বোলিংয়ের শেষ ৫ ওভারে। যখন ৩০ বলে ৭৬ রান তুলে নেন শেখ জামালের দুই মিডল অর্ডার নুরুল হাসান সোহান (৩৪ বলে ৫ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৬৬ ও জিয়াউর রহমান (১৭ বলে তিন ছক্কায় ৩৫)। সেখানেই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় মোহামেডান। ১৫ ওভারে ৮৫ রান করা শেখ জামালকে ১৬১‘তে দেখেই হয়তো মনোবল হারায় সাদা-কালোরা। তার প্রমাণ সোহান-জিয়ার ছক্কা বৃষ্টির পর ব্যাটিংয়ে নেমেই টপ অর্ডার বালির বাঁধের মত ভেঙে পড়া।

১৫ রানে ৪ উইকেট হারানোর পর শামসুর রহমান শুভ (২৩ বলে ২৯) আর নাদিফ চৌধুরী ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। এর মধ্যে শুভ আগে আউট হলেও নাদিফ চৌধুী শেষ পর্যন্ত ৪৩ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন। কিন্তু তাতে কেবল পরাজয়ের ব্যবধানটাই যা কমেছে মোহামেডানের। ৮ উইকেটে ১৪৫ রানে থামে সাকিব আল হাসানের দল।

শুভাগত হোম (৮ বলে ১৩) আর আবু হায়দার রনির কেউ (৮ বলে ১৪) একজন নাদিফ চৌধুরীর সাথে শেষ বল পর্যন্ত খেলতে পারলে হয়তো ম্যাচটা ক্লোজ হতো। কিন্তু তাদের সে লড়াকু মানসিকতা ছিল না। যে কারণে মোহামেডান শেষ পর্যন্ত আর লড়াইয়ে ফিরতে পারেনি।

শেখ জামালের পক্ষে ৩ ওভারে মাত্র ১৩ রান খরচায় ৩টি উইকেট নেন অফস্পিনার মোহাম্মদ এনামুল। ব্যাট হাতে ঝড় তোলা জিয়াউর রহমান ছিলেন বোলিংয়েও উজ্জ্বল। ৪ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট নেন এই মিডিয়াম পেসার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »