আন্তর্জাতিক ক্রিকেট থেকে বরখাস্ত রবিনসন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

৯ বছর আগে একটি ভুল করেছিলেন ওলি রবিনসন। সেই ভুলের শাস্তি দেরিতে হলেও তাকে শাস্তি পেতে হলো। এশীয় ও মুসলিমদের নিয়ে বর্ণ ও লিঙ্গবৈষম্যমূলক সেই টুইট বার্তার জন্য রবিনসনকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বরখাস্ত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গত ২ জুন লর্ডসে ২৭ বছর বয়সে অভিষেক হয় রবিনসনের। তবে ৯ বছর আগে করা তার টুইট বার্তায় মুসলিম ও এশীয়দের প্রতি বিদ্বেষমূলক ও আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। যার জন্য তিনি ক্ষমাও চান কিন্তু ছাড় পেলেন না।

লর্ডস টেস্ট শেষ হওয়ার দিনে রবিনসনকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বরখাস্ত করেছে ইসিবি। তার এই টুইট বার্তা নিয়ে তদন্ত করা হবে, এইজন্যই তাকে বরখাস্ত করা হয়েছে। আগামী ১০ জুন থেকে এজবাস্টনে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য এই পেসারকে বিবেচনা করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসিবি। ফলে রবিনসনকে এখন জাতীয় দল থেকে ফিরে যেতে হবে ঘরোয়া ক্রিকেটে।

এর আগে টুইট বার্তা ভাইরাল হওয়ার পরে ক্ষমা চেয়ে একটি বিবৃতিও দেন রবিনসন। তিনি বলেন,’‘আমি নিজের এমন মন্তব্যের জন্য খুবই লজ্জিত। আমার পরিস্থিতি তখন যেমনই হোক, বিচার বিবেচনা না করে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কোনওরকম ব্যাখা হয় না। সেই সময় থেকে আমি মানুষ হিসেবে অনেকটাই পরিপক্ক হয়েছি এবং আমি নিজের ভুলের জন্য লজ্জিত। আমার কথায় আঘাতপ্রাপ্ত সকলের কাছে আমি ক্ষমা চাইছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »