সিনিয়ররা থাকতে পারেন বিশ্রামে-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করোনা মহামারিতে সব দেশেই খেলতে হলে নিয়মমাফিক থাকতে হয় জৈব সুরক্ষা বলয়ে। দীর্ঘসময়ে জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলা, পরিবার থেকে দূরে কিংবা কঠিন নিয়মের মধ্যে মানিয়ে নিলেও ক্রিকেটাররা একপ্রকার ক্লান্ত হয়ে পড়ে। তাই বিভিন্ন দেশেই বাই রোটেশন পদ্ধতিতে ক্রিকেটারদেরকে খেলানো হয়ে থাকে। তবে বাংলাদেশ এদিকে থেকে ভিন্ন পথেই ছিলো এতোদিন!

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পর গেলো ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, এরপর নিউজিল্যান্ড সফর, সেটা থেকে সরাসরি শ্রীলঙ্কায়! ফিরে এসে আবার শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ। এখন চলছে ঢাকা প্রিমিয়ার লিগ! এরপর আবার জিম্বাবুয়ে সিরিজ। সব মিলিয়ে দীর্ঘসময় ছুটিতে নেই ক্রিকেটাররা। সিনিয়র ক্রিকেটাররা তো পাননি দম ফেলার সময়!

সব মিলিয়ে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে ক্রিকেটারদের বাই রোটেশনে খেলানোর কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এমনটাই বলেছেন জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। তামিম-মুশফিকদের বিশ্রামের কথা উল্লেখ করেই তিনি বলেন বিসিবি থেকে এ ব্যাপারে চিন্তা করা হয়েছে।

সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অবশ্যই ভাবছি আমরা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এখন জৈব সুরক্ষা বলয়ে থাকতে হয়। যারা জাতীয় দলে নিয়মিত ক্রিকেটার তাদের কথা একটু মনযোগ দিয়ে চিন্তা করেন, তারা কতদিন ধরে এই বলয়ে। হিসেব করে দেখেন আসলেই কঠিন।’

তিনি আরো বলেন, ‘আমরা তো শুধু পারফরম্যান্স দেখতে চেষ্টা করি।কিন্তু এটাও বিবেচনায় রাখা উচিৎ, যারা ক্রিকেট নিয়ে কথা বলে তাদের এসব হিসেব করা উচিৎ। কারণ খুবই স্বাভাবিকভাবে এরকম একটা চিন্তা করা হচ্ছে যেন ঘুরিয়ে ফিরিয়ে বিশ্রাম দেয়া, আরেকটা জিনিস হল বোর্ড যদি অনুমতি দেয় পরিবার নিয়ে এক সাথে থাকবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »