ডেস্ক রিপোর্ট »
করোনার প্রকোপে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে আইপিএল, নিজ নিজ দেশে ফিরে গেছেন ক্রিকেটাররা । তবে সেপ্টেম্বরে আইপিএলের বাকি অংশ মাঠে গড়াতে যাচ্ছে, যেখানে অংশ নিতে পারবেন না অনেক বিদেশী ক্রিকেটারই। বাকি অংশে না থাকা ক্রিকেটাররা পাবেন না তাদের সম্পূর্ন টাকা, সেই তালিকায় আছে বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের নামও।
আইপিএলের বাকি অংশ চলাকালীন সময়ে বাংলাদেশ জাতীয় দলের থাকবে একাধিক সিরিজ, যে কারণে আইপিএল খেলতে যেতে পারবেন না বাংলাদেশী এই দুই তারকা ।আর তাই সাকিব ও মুস্তাফিজের বেতনের টাকা কেটে রাখা হচ্ছে।
আইপিএলের বিদেশি ক্রিকেটাররা আসরের বাকি অংশে অংশ না নিলে তাদের পারিশ্রমিক কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।আইপিএলে খেলোয়াড়দের বেতন দেওয়া হয় তিন ধাপে। মূলত সেই অর্থ পরিশোধ করা হয় বীমার মাধ্যমে। দলগুলো খেলোয়াড়দের সাথে চুক্তির সময়ই বীমার কথা উল্লেখ করা হয়। সেই অনুযায়ী, কোনো কারণে নির্ধারিত সময়ে খেলা না হলেও খেলোয়াড়রা টাকা পাবেন। যেহেতু বিসিসিআই নিজেদের ব্যর্থতার কারণে নির্ধারিত সময়ে আইপিএল সম্পন্ন করতে পারেনি, তাই খেলোয়াড়দেরও পুরো টাকা পাওয়ার কথা।কিন্তু আড়াই হাজার কোটি রুপি লোকসানের পথে থাকা বিসিসিআই বিদেশি ক্রিকেটারদের মধ্যে যারা অনুপস্থিত থাকবেন তাদের বেতন কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বিসিসিআইয়ের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা ভারতীয় এক সংবাদমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, এটা ঠিক যে তাদের টাকা কেটে রাখা হবে। যদি কোনো কারণে কোনো বিদেশি ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলতে না যান, তবে ফ্র্যাঞ্চাইজিরা চুক্তি অনুযায়ী তাদের পারিশ্রমিক কেটে নিতে পারে।
