নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি মাসের শেষদিকে পূর্নাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। ২০১৩ সালের পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ। এই সফরে এফটিপির সূচি অনুযায়ী ২ টি টেস্ট, ৩ টি ওয়ানডে এবং ২টি, টি টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু ২ টি টেস্টের পরিবর্তে একটি টেস্ট এবং ২টি – টি টোয়েন্টির জায়গায় ৩ টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ । টেস্ট ম্যাচ খেলতে নামার আগে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে লালা বলে মূল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না মোমিনুল হকের দল।
ঢাকা প্রিমিয়ার লীগ শেষ করে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। ডিপিএল শেষ হবে ২৬ জুন। বাংলাদেশ দল জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে ২৯ জুন। সেখানে গিয়ে ৩ দিন কোয়ারেন্টাইনে থেকে ৩ ও চার জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। ৭-১১ জুলাই টেস্ট একমাত্র ম্যাচ খেলবে দল।
নতুন নিয়ম অনুযায়ী, জিম্বাবুয়েতে গিয়ে ৫ থেকে ৭ দিন কোয়ারেন্টিন করতে হবে দলকে, যা আগে করার কথা ছিল না। তাই ম্যাচ প্রস্তুতি ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, সে অনুযায়ী স্বাভাবিকভাবে যেরকম হয়, ৫-৭ দিনের। এখন পর্যন্ত সেভাবেই আমরা কাজ করছি। চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পরিবর্তন এলে সেটাও যুক্ত করা হবে।’
ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ ১৬, ১৮ ও ২০ জুলাই এবং টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সফরে মোট সাতটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
একনজরে জিম্বাবুয়ে সফরের সূচি
একমাত্র টেস্ট – ৭-১১ জুলাই
১ম ওয়ানডে – ১৬ জুলাই
২য় ওয়ানডে – ১৮ জুলাই
৩য় ওয়ানডে – ২০ জুলাই
১ম টি-টোয়েন্টি – ২৩ জুলাই
২য় টি-টোয়েন্টি – ২৫ জুলাই
৩য় টি-টোয়েন্টি – ২৭ জুলাই
নিউজক্রিকেট /রাসেল।
