নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
লর্ডসে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন শেষে ডেভন কনওয়ের অভিষেক সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড। ৩ উইকেটে ২৪৬ রান নিয়ে দিনশেষ করেছে সফরকারীরা।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় কিউইরা। ওপেনিং জুটিতেই আসে ৫৮ রান। দলীয় ৫৮ রানে টম লাথামকে ফিরিয়ে প্রথম উইকেট শিকার করেন ওলি রবিনসন। এরপর কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে লাঞ্চ বিরতির আগ পর্যন্ত আর কোনো বিপর্যয় ছাড়াই ১ উইকেটে ৮৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। লাঞ্চ বিরতির পর প্রথম ওভারেই চতুর্থ বলে কেন উইলিয়ামসনকে বোল্ড করে টেস্টে সপ্তমবারের মতো নিজের শিকার বানান জেমস এন্ডারসন।
উইলিয়ামসন ফেরেন ব্যক্তিগত ১৩ রানে। ৮৬ রানেই দুই উইকেট হারায় কিউইরা। ৩য় উইকেটে রস টেইলরকে নিয়ে ২৮ রানের জুটি গড়েন কনওয়ে। ব্যক্তিগত ১৪ রান করে ওলি রবিনসনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরত যান টেইলরও! ১১৪ রানেই তিন উইকেট হারিয়ে বিপাকে কিউইরা। দিনের বাকি সময়টা নিজেদের করেই রাখেন কনওয়ে ও হেনরি নিকোলস।
একপ্রান্তে আগলে রেখে অভিষেকে ফিফটি তুলে নেন কনওয়ে। চা-বিরতির পর হেনরি নিকোলসের সাথে জুটি গড়ার পথে ১২তম নিউজিল্যান্ডের খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেন কনওয়ে। লর্ডসে ২৫ বছর পর টেস্ট অভিষেকে কেউ সেঞ্চুরি করেন।
এরপর কনওয়ের দূর্দান্ত ব্যাটিং ১৯৯৬ সালে অভিষেকে সৌরভ গাঙ্গুলির করা ১৩৩ রানের রেকর্ড ভেঙ্গে সেটি নিজের নামে করেন কনওয়ে। দিনশেষে কনওয়ে ১৩৬ আর হেনরি নিকোলস অপরাজিত আছেন ৪৬ রানে। ফিফটি থেকে ৪ রান দূরে নিকোলস আর প্রথম টেস্ট দেড়শো থেকে ১৪ রান দূরে আছেন কনওয়ে।
