নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পাকিস্তান জাতীয় দলের বর্তমান অধিনায়ক বাবর আজম। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজের খবর অনুযায়ী আগামী বছর বিয়ে করবেন বাবর।
বর্তমান সময়ের আলোচিত ক্রিকেটার বাবর আজম। পাকিস্তানের হয়ে ব্যাট হাতে একের পর এক আলোচিত ইনিংস খেলে বিশ্ব ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করছেন বাবর। মাঠের ক্রিকেট ছাপিয়ে অনেক বারই ভিন্ন ভিন্ন ইসুতে আলোচিত হয়েছেন তিনি। গত বছর এক নারী কান্ডে আলোচিত হয়েছিলেন বাবর। ঐ নারীর অভিযোগ ছিল, বাবর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন। এমনকি গর্ভপাত করাতেও নাকি বাধ্য করেছিলেন। ওই নারীকে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল বাবরের বিরুদ্ধে। অবশ্য এসব অভিযোগের কোনোটিই শেষ পর্যন্ত ধোপে টেকেনি। সব বিতর্ক এড়িয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন বাবর।
উপযুক্ত পাত্রী খুঁজে পেতে তেমন সমস্যা হয়নি বাবরের। তিনি বিয়ে করতে যাচ্ছেন নিজের চাচাতো বোনকে। উভয় পরিবারই এই বিয়েতে সম্মত হয়েছে বলে জানা যায়।
করোনার কারনে স্থগিত হয়ে যাওয়া পিএসএলের বাকি অংশ খেলতে বর্তমানে আরব আমিরাতে গিয়ে প্রস্তুতি শুরু করেছেন বাবর। আগামী ৯ জুন থেকে পিএসএলের বাকি অংশের খেলা শুরু হবে। পিএসএলে করাচি কিংসের নেতৃত্ব দিচ্ছেন বাবর।
পিএসএলের পরই দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে ২২ জুন ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। যুক্তরাজ্য থেকে ফিরে পাকিস্তান ঘরের মাঠে খেলবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের।
জাতীয় দলের এই ব্যস্ততার কারণেই ইচ্ছে থাকা সত্ত্বেও এই বছর আর বিয়ের পিঁড়িতে বসা হচ্ছে না বাবর আজমের। তাই আকদ হলেও বিয়ে হচ্ছে আগামী বছর।
