নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন জিম্বাবুয়ে সিরিজের আগেই বাংলাদেশ দলের সাথে যুক্ত হচ্ছে দুই নতুন ব্যাটিং এবং স্পিন বোলিং কোচ। ইতিমধ্যেই এর সংক্ষিপ্ত তালিকা করে ফেলেছে বিসিবি। তবে সিনিয়র ক্রিকেটার সহ কোচ এবং কোচিং স্টাফদের মতামতের পরই হবে মূল সিদ্ধান্ত। মূলত স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির আকাশচুম্বি আর্থিক বেতন আর কাজের প্রতি হেয়ালিপনা এবং তার বিসিবির সাথে ব্যবহার সবাইকেই নেতিবাচক ধারনা দিয়েছে।
সেই সাথে অনেকদিন ধরেই নেই ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। তার পরিবর্তে ক্রেইগ ম্যাকমিলান আসার কথা থাকলেও তিনি আসেননি। ইংলিশ জন লুইসকে দিয়ে সিরিজ ভিত্তিক কাজ চালালেও তাকে নিয়ে রয়েছে বেশ অভিযোগ। সব মিলিয়ে জিম্বাবুয়ে সিরিজের আগেই জাতীয় দল দুই নতুন কোচ পাচ্ছে সেটা প্রায় নিশ্চিত। তবে নতুনদের নাম প্রকাশ না করা হলেও গুঞ্জন রয়েছেন লংকান গ্রেট রঙ্গনা হেরাথের না রয়েছে বিসিবির পছন্দের তালিকায় সবার উপরে আর ব্যাটিং কোচ হিসেবে আছেন জেমি সিডন্স।
ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘সিরিজ মাত্র শেষ হয়েছে। আমরা কিছু শর্ট লিস্ট করেছি। এখন কাজ করব তাদের সঙ্গে। আগে আমাদের সিনিয়র ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সঙ্গে বসব। তাদের মতামতকেও গুরুত্ব দিতে হবে। আশা করি, জিম্বাবুয়ে যাওয়ার আগেই নতুনরা দায়িত্ব নিতে পারবেন।’
বিসিবির পছন্দের শীর্ষে থাকা হেরাথ জানিয়েছেন ২০০ দিনের মধ্যে তিনি ১২০ দিন কাজ করবেন। তবে এছাড়াও ভারত এবং পাকিস্তানি কোচের নামও আছে এই তালিকায়। সেই সাথে এই তালিকায় আছেন দেশি স্পিন কোচ সোহেল ইসলামও।
আকরাম খান আরও বলেন, ‘সোহেলকে অনেকেই চাচ্ছে। আমরা বোর্ডে আলাপ করব, দেখা যাক কী সিদ্ধান্ত হয়। আমাদের তালিকায় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার কোচরাও আছেন। ২-১ দিনেই নাম চূড়ান্ত করব।’
