নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আসন্ন আসরের জন্য বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে জামাইকা তালাওয়াস। খেলার দিন তারিখ এখনো ঠিক না হলেও আসন্ন এই আসরে সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তার মেঘ তৈরি হয়েছে।
সিপিএল শুরুর আনুমানিক সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত সময় পার করবে। সে সময় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলবে তারা।
এ কারণে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ ধারণা করছে, সিপিএল খেলার জন্য অনাপত্তিপত্র নাও পেতে পারেন সাকিব। কারণ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সিরিজে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে চায় বাংলাদেশ।
সাকিবকে সিপিএল খেলার এনওসি দেয়া হবে কিনা এ নিয়ে সিদ্ধান্ত নেয়নি বোর্ড। ক্রিকবাজকে এমনটাই জানিয়েছেন বিসিসির গেম ডেভোলপমেন্ট প্রধান আকরাম খান।
তিনি বলেন,”আমরা এটা (সিপিলের জন্য এনওসি) নিয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করি নি। সময় এলে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি। আমরা অবশ্যই আমাদের পুরো শক্তি দল নিয়ে তাদের বিপক্ষে খেলতে চাই।”
