নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের ক্রিকেটে সিনিয়রদের উপর নির্ভরশীলতা নতুন কথা নয়। সিনিয়রা পারফর্ম করলে দল পায় জয়ের দেখা, আর তারা খারাপ করলে দলের বিপদে কোন সন্দেহ নেই। মাঝে মাঝে নিজেদের ঝলক দেখিয়ে হারিয়ে যায় তরুণ ক্রিকেটাররা । জাতীয় দলে ৫- ৬ বছর খেলার পরেও ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না লিটন, সৌম্য, মিথুনরা । এর মূল কারণ হিসেবে তরুণদের মধ্যে দায়িত্বের অভাবকে দায়ী করেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ।
জাতীয় দলের টিম লিডার হিসেবে সাম্প্রতিক সময়ে দলের কাছাকাছি থাকা হয়েছে সুজনের। তিনি জানালেন, জুনিয়র ক্রিকেটারদের কাছ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ার ব্যাপারে দুশ্চিন্তা আছে খোদ ক্রিকেটারদেরই। সুজন বলেন, ‘এটা নিয়ে আমরা কনসার্ন, পুরো দলই কনসার্ন। ওরাও কনসার্ন; এমন না যে ওরা জানেনা, ওরাও জানে ওদের কাছে প্রত্যাশাটা কেমন। এতদিন ধরে তারা বাংলাদেশ দলকে সেবা দিচ্ছে, এখন তো আমরা তাদের কাছ থেকে ধারাবাহিকতা চাই।’
তরুণদের মধ্যে দায়িত্বের অভাব দেখেন এই বিসিবি পরিচালক, উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘কিছু ক্ষেত্রে আমি বলব দায়িত্বের অভাব আছে ওদেরও। আমি বলবো ওদেরকে আরও দায়িত্ব নিতে হবে। কালকে মোসাদ্দেকের (৫১ রান করে আউট হয়েছেন, পরিস্থিতি সামাল না দিয়ে) ইনিংসটার কথাই যদি বলি, ফিফটি করে যেভাবে আউট হল সেরকম আউট তো আমরা চাই না। তার যে সামর্থ্য, ১০০ মারার একটা সুযোগ ছিল, ম্যাচকে ক্লোজ করার একটা সুযোগ ছিল, সে সুযোগটা আমার মনে হয় মোসাদ্দেক নিতে পারেনি।’
সামনের দিন গুলোতে জুনিয়ররা দায়িত্ব নিবে এবং পারফর্ম করবে সিনিয়রদের সাথে সমান তালে, অবদান রাখবে টাইগারদের ম্যাচ জয়ে, এমন প্রত্যাশা ব্যক্ত করে সুজন বলেন, ‘এটা কেবল সাকিব ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাই, তামিম ভাইয়ের ব্যাপার না। খালি ভাইয়েরা না, আমাদেরও করতে হবে, আমাদেরও ম্যাচ জেতাতে হবে। অবশ্যই তারা করবে। যে চারজন আমাদের বেশ অভিজ্ঞ সিনিয়র তারাতো আমাদের প্রাণ তারা পারফর্ম করবে এটাতো আমরা সবাই চাই।’
