নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছরই অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকপ। তবে তার আগে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড দল। বাংলাদেশ সফর শেষে এরপর ইংলিশরা খেলতে যাবে পাকিস্তানের মাটিতে। আর এই দুই সিরিজে ইংলিশ সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার কথা ভাবছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৯ কিংবা ২০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবেই ইংলিশরা বাংলাদেশ সফর করবে।
জাইলস বলেন,”আমাদের সামনে ব্যস্ত সূচি রয়েছে। ভারতের বিপক্ষে আমাদের শেষ টেস্টটি শেষ হবে সেপটেম্বরে। এরপর আমরা বাংলাদেশে যাব। খুব সম্ভবত ১৯ বা ২০ তারিখে। এরপর পাকিস্তান সফর আছে। আবার এটা শেষ করে বিশ্বকাপও খেলতে হবে। একটা পর্যায়ে এসে আমাদেরকে ছেলেদের বিশ্রাম দিতে হবে। ধরেন আমরা বাংলাদেশ সিরিজেই ছেলেদের বিশ্রাম দিলাম কিন্তু তার মানে এই না যে ওরা অন্য কোথাও গিয়ে ক্রিকেট খেলবে। বিশ্রাম মানে পুরোদমে বিশ্রাম।”
