নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। ইতিমধ্যেই ২-০ তে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা।সিরিজ শেষ করে ছুটিতে থাকবে দলের চার বিদেশি কোচ। জিম্বাবুয়ে সফরের আগে তাদেরকে পাচ্ছে না দল। এরা হলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ জন লুইস, ট্রেনার নিকোলাস ট্রেভর লি ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতো।
আজ ২৮ মে দুপর ১.০০ টায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ শেষে প্রায় এক মাস জাতীয় দলের কোনো অনুশীলন বা ক্যাম্প নেই। সেই সময়ে চলবে বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটে অন্যতম বড় আসর ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল)। তাই এই সময়ে নিজ নিজ পরিবারের সাথে সময় কাটাতে ছুটিতে থাকবেন ৪ কোচ।
ব্যাস্ত সূচি বাংলাদেশ ক্রিকেট দলের সামনে। শ্রীলংকা সিরিজ শেষে এক মাসের কম সময় বিরতির পর জুন মাসের শেষ দিকেই জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ। তাই দীর্ঘ প্রায় এক মাস ছুটিতে থাকবেন এই চার কোচ। জিম্বাবুয়ে সফরে যাওয়ার পর সেখানে তারা দলের অনুশীলনে যোগ দেবেন।বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান ।
তিনি বলেন, ‘হ্যাঁ, কোচেরা ছুটিতে যাচ্ছে। হেডকোচ রাসেল, ট্রেনার লি, ফিজিও ক্যালেফাতো, ব্যাটিং কোচ লুইস- ওদের ছুটি মঞ্জুর করা হয়েছে। ওরা সরাসরি জিম্বাবুয়েতে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবে। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাবে।’
কোচরা ছুটি পেলেও খেলোয়াড়রা অবশ্য ছুটি পাচ্ছেন না। জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে সাকিব-তামিমদের ব্যস্ত সময় কাটবে। দলের সব ক্রিকেটার ব্যস্ত থাকবেন ডিপিএলে। আগামী ৩১ মে থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে শুরু হবে এবারের ডিপিএল। গত বছরের মার্চে ওয়ানডে ফরম্যাটে টুর্নামেন্ট শুরু হলেও এক রাউন্ড খেলার পর করোনা ভাইরাসের কারণে লিগ বন্ধ হয়ে যায়। দীর্ঘ অপেক্ষার পর লিগ এবার মাঠে গড়ানোর অপেক্ষায়।
