নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দীর্ঘ এক দশকের ও বেশি সময় ধরে দাপট দেখাচ্ছেন সাকিব আল হাসান। শেষ ১০-১২ বছরে সবচেয়ে বেশি সময় অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে রেখেছেন তিনি। যেটা কিনা ক্রিকেট ইতিহাসে বিরল এক রেকর্ড। আর এ কারণেই সাকিবের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ মনে করেন, ১০-১২ বছর শীর্ষ অলরাউন্ডার হিসেবে থাকাটা জোক নয়।
দুর্দান্ত ব্যাটিং, সঙ্গে বোলিং, এবং অসাধারণ সব ফিল্ডিং মিলিয়ে আক্ষরিক অর্থেই সাকিব দারুণ একজন অলরাউন্ডার। বাংলাদেশেই পাশাপাশি, আন্তর্জাতিক ক্রিকেটেও সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব।
নিষেধাজ্ঞা থেকে ফিরে ব্যাট হাতে এখনো তেমন ভালো করতে পারছেন না সাকিব। চলমান শ্রীলঙ্কা সিরিজেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তিনি। যদিও বল হাতে দুই ম্যাচেই ছিলেন উজ্জ্বল। তবে সিরিজের শেষ ম্যাচে সাকিব ভালো করবে বলে বিশ্বাস করেন মাহমুদউল্লাহ।
এ প্রসঙ্গে তিনি বলেন,”সাকিব নিয়ে বলার কিছু নাই। সে তার খেলাটা ভালো বুঝে। ও জানে কখন কি করা প্রয়োজন। একটা ছেলে ১০-১২ বছর ধরে এক নম্বর অলরাউন্ডার হয়ে আছে এটা কোন জোক না। ও জানে ওর ব্যাটিং কখন করা প্রয়োজন, কখন কতটুকু ব্যাটিং করলে ওর জন্য ভাল হবে। হয়ত বা প্রথম ম্যাচে ভাল একটা শুরু পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারেনি। কিন্তু আমি খুবই নিশ্চিত যে কালকের ম্যাচে ভাল ইনিংস খেলবে।’’
