নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে স্থগিত আসরটি শুরু হওয়ার কথা আগামী ৩১ শে মে। এই আসরটি শুরুর আগেই বিভিন্ন ক্লাবের খেলোয়াড়সহ মোট ২৬৯ জনের করোনা পরীক্ষা করানো হয়। ফলাফল ৭ ক্রিকেটারসহ মোট ৯ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে।
বৃহস্পতিবার (২৭ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের একটি সূত্র যানায়, করোনায় আক্রান্ত সাত ক্রিকেটার ও দুই কর্মকর্তা কে কোন ক্লাবের সেটা এখনো জানায়নি মেডিকেল বিভাগ। যদিও এই ৭ ক্রিকেটার এবং ২ কর্মকর্তার দ্বিতীয় দফা করোনা পরীক্ষা করানো হবে এবং আজকের মধ্যেই তাদের করোনার পরীক্ষার নমুনা নেয়া হবে বলে জানা যায়। দ্বিতীয় পরীক্ষায় পজিটিভ আসলেই বিসিবির মেডিকেল বিভাগ, তাদের করোনা আক্রান্তের খবরটি নিশ্চিত করবেন।
বিসিবির মেডিকেল বিভাগ জানায়, ‘হ্যা, আমাদের ২৬৯ জন ক্রিকেটারের টেস্ট করা হয়েছিল। যার মধ্যে ৭ জন ক্রিকেটার ও ২ জন কর্মকর্তার ফলাফল পজিটিভ এসেছে। তবে আমরা আবারো তাদের কোভিড টেস্ট করাবো এবং সেটা আজকেই হতে পারে। তারপরই আমরা নিশ্চিত হব তবে এখন পর্যন্ত প্রথমবারে তারা পজিটিভ এসেছেন।’
গেল বছরের মার্চে প্রথম রাউন্ড শেষেই করোনার প্রভাবে ডিপিএল স্থগিত করতে বাধ্য হয়েছিল বিসিবি। এরপর আর মাঠে গড়ায়নি ঘরোয়া এই টুর্নামেন্টটি। কয়েকদফা পিছিয়ে আগামী ৩১ মে থেকে প্রিমিয়ার লিগের স্থগিত আসর মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেয় সিসিডিএম।
আগের ঐ এক রাউন্ড বাদ দিয়ে বাকি টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগামী ১৪ জুন পর্যন্ত তিনটি ভেন্যু শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি ৩ এবং ৪ নম্বর মাঠে ডিপিএলের স্থগিত আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
