নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩৪ রানে হারিয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টাইগারদের করা ২৫৭ রানের জবাবে ২২৪ রানে গুড়িয়ে যায় লংকানরা।
এদিন মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে দলীয় পাঁচ রানেই ব্যক্তিগত ৩ বলে ০ রানে বিদায় নেন লিটন দাশ। ৪৩ রানে দুই উইকেট হারানোর পর ৩য় উইকেটে মুশফিককে নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে এগোতে থাকেন তামিম। একপ্রান্ত আগলে রেখে তামিম তুলে নেন দূর্দান্ত ফিফটি, সেই সাথে প্রথম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনি।
পর পর দুই বলে তামিম-মিথুন বিদায় নিলে মাত্র ৯৯ রানেই ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপাকে পড়ে টাইগাররা। এরপর ৫ম উইকেটে মুশফিক-রিয়াদের দূর্দান্ত ১০৯ রানের জুটিতে বিপদ কাটিয়ে বড় সংগ্রহের দিকে এগোয় বাংলাদেশ। মুশফিক ৮৪ আর রিয়াদের ৫৪ রানে বিদায়ের পর শেষ ২ ওভারে আফিফ-সাইফউদ্দিনের ২৪ রানের জুটিতে শেষ পর্যন্ত ২৫৭ রান সংগ্রহ করে টাইগাররা। শ্রীলঙ্কার পক্ষে ১০ ওভারে ৪৫ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন ধনঞ্জয়া ডি সিলভা।
জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দলীয় ৩০ রানেই প্রথম উইকেট হারায় লংকানরা। এরপর ফিজের বলে নিশাকা ফিরলে ৪১ রানেই নেই দুই উইকেট। ৩য় উইকেটে পেরেরা ও মেন্ডিসের ৪১ রানের জুটি ভালো ইঙ্গিত দিলেও সাকিব-মিরাজের ঘূর্নিতে ২০ রান যোগ করতেই নেই আরো ৪ উইকেট। ১০২ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচে হারের প্রহর গুনতে থাকে লংকানরা, তখনি ওয়াইন্দু হাসারঙ্গার ব্যাটিং তান্ডবে আবারো আশা জাগে লংকানদের। ১৪৯ রানে ৭ উইকেট হারালে ম্যাচে প্রায় আশা শেষ হয়ে যায় লংকানদের।
কিন্তু ৭ম উইকেটে হাসারঙ্গা-উদানার ৬২ রানের জুটি ম্যাচে আবারো উত্তেজনা ছড়ায়। হাসারঙ্গা করেন ফিফটি, এরপর দলীয় ২১১ রানে পর পর দুই বলে হাসারঙ্গা ৬০ বলে ৭৪ ও উদানা ২১ রানে ফিরলে ম্যাচের ফলাফল নির্ধারণ হয়ে যায়। শেষ পর্যন্ত ১১ বল বাকি থাকতে ২২৪ রানে থামে লংকানদের ইনিংস। প্রথম ওয়ানডেতে ৩৪ রানে হারে লংকানরা। টাইগারদের পক্ষে মিরাজ ৩০ রানে ৪ ও মুস্তাফিজ নেন ৩ উইকেট।
