তিন পান্ডবের ফিফটিতে শক্ত পুঁজি টাইগারদের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করে তামিম, মুশফিক ও রিয়াদের ফিফটিতে ৬ উইকেটে ২৫৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

এদিন মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে দলীয় পাঁচ রানেই ব্যক্তিগত ৩ বলে ০ রানে বিদায় নেন লিটন দাশ। ২০২১ সালে এখন পর্যন্ত চার ম্যাচে ডাক মেরেছেন তিনি যা কিনা এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ। ২য় উইকেটে তামিম-সাকিবের ৩৯ রানের জুটির পথে ৩৪ বলে ১৫ রান করে কান্ডজ্ঞানহীন শট খেলে উইকেট বিলিয়ে ফেরত যান সাকিব!

৪৩ রানে দুই উইকেট হারানোর পর ৩য় উইকেটে মুশফিককে নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে এগোতে থাকেন তামিম। একপ্রান্ত আগলে রেখে তামিম তুলে নেন দূর্দান্ত ফিফটি, সেই সাথে প্রথম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনি। দলীয় ৯৯ রানে ব্যক্তিগত ৭০ বলে ৫২ রান করে লেগ বিফোরের শিকার হয়ে আউট হন তামিম। একই ওভারে পরের বলেই গোল্ডেন ডাকের শিকার হয়ে বিদায় নেন মোহাম্মদ মিথুনও!

মাত্র ৯৯ রানেই ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপাকে পড়ে টাইগাররা। এরপর ৫ম উইকেটে মুশফিক-রিয়াদের দূর্দান্ত ১০৯ রানের জুটিতে বিপদ কাটিয়ে বড় সংগ্রহের দিকে এগোয় বাংলাদেশ। দলীয় ২০৮ রানে ব্যক্তিগত ৮৪ রান করে রিভার সুইপ করতে যেয়ে আউট হন মুশফিক। এরপর দলের সাথে ২২ রান যোগ হলেই ৪৮ তম ওভারে ব্যক্তিগত ৫৪ রানে বোল্ড হয়ে বিদায় নেন মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ ২ ওভারে আফিফ-সাইফউদ্দিনের ২৪ রানের জুটিতে শেষ পর্যন্ত ২৫৭ রান সংগ্রহ করে টাইগাররা।

আফিফ ২২ বলে ২৭ ও সাইফউদ্দিন অপরাজিত থাকেন। ১৩ রানে। শ্রীলঙ্কার পক্ষে ১০ ওভারে ৪৫ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন ধনঞ্জয়া ডি সিলভা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »