ইমরুলের বাদ পড়ার বিষয়টি লজ্জাজনক- নাজমুল আবেদীন ফাহিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

জাতীয়দলের উপেক্ষিত ক্রিকেটার ইমরুল কায়েস নিজেকে খানিক দুর্ভাগা ভাবতেই পারেন। ২০১৮ সালের শেষদিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয়দলের জার্সি গায়ে সীমিত ওভারের ফরম্যাটে সবশেষ মাঠে দেখা গিয়েছিল। এরপর আর জাতীয়দলের চৌহদ্দিতে দেখা যায়নি তাকে। তবে, দীর্ঘ বিরতির পর এবার বুঝি শ্রীলঙ্কার বিপক্ষে এ বাঁহাতি টপ অর্ডার ফেরানো হবে, তার অভিজ্ঞতাকে মূল্যায়ন করা হবে। শুরুর দিকে এমনটাই মনে হয়েছিল।

কিন্তু সব ধারনা যে হাওয়ায় উড়ে গেল। ইমরুল যে কোথাও নেই। তাকে ডেকেও কোনোরকম সুযোগ না দিয়ে ঠেলে দেয়া হয়েছে বাইরে। তিন বছর পর ওয়ানডে ক্যাম্পে কেনইবা ডাকা হলো আর কেনইবা তাকে এভাবে উপেক্ষা করা হলো? এ নিয়ে ইমরুল-ভক্তরা স্বভাবতই হতাশ। হতাশ দেশের ক্রিকেটের নামি প্রশিক্ষক ও বিকেএসপির বর্তমান হেড কোচ নাজমুল আবেদিন ফাহিমও। শুধু হতাশই নয়, তিনি রীতিমত বিস্মিত। তিনি বলেন, ‘আমি খুব অবাক হয়েছি যে ইমরুলকে ক্যাম্পে ডেকেও নেয়া হয়নি।’

নাজমুল আবেদীন ফাহিম মনে করেন, ইমরুলের মতো সিনিয়র একজন ব্যাটসম্যানকে ক্যাম্পে ডেকে আবার দলে না নেয়াটা বেশ দৃষ্টিকটু ব্যাপার। তিনি আরও বলেন, ‘ইমরুলের নামের পাশে ৮০টি ওয়ানডে। তাকে আমরা প্র্যাকটিসে ডেকে আবার বাদ দিয়ে দিলাম। বলা হলো তাকে নাকি মূল দলে নেয়ার কোনো পরিকল্পনাই ছিল না। তাহলে কেন ডাকা হয়েছে? এটা খুব দুঃখজনক, লজ্জাজনক।’

ইমরুলের মতো একজন ক্রিকেটারকে যথেষ্ট অপমান করা হয়েছে এটা করে। তিনি বলেন, ‘নিশ্চয়ই অনেক সম্মানের জায়গা দেয়া উচিত। হাতেগোনা কটি টেস্ট, ৪-৫ টি ওয়ানডে খেলা অনেক ক্রিকেটারকেও আমরা সম্মান দেই। ইমরুল তাদের চেয়ে অনেক বেশি টেস্ট আর ওয়ানডে খেলেছে, পারফরমও করেছে। তার নামের পাশে ৩ টেস্ট আর ৪ ওয়ানডে সেঞ্চুরি আছে। কাজেই সে সম্মানটা পেতে পারতো। ওর তো এখন মুখ দেখানো কঠিন হয়ে যাবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »