নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সম্প্রতি মুশফিকুর রহিমের উইকেটকিপিং নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। প্রশ্ন জেগেছিল শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে উইকেটের পিছনে তাকে দেখা যাবে কিনা। তবে সব গুঞ্জন উড়িয়ে তিনিই থাকছেন বাংলাদেশের উইকেটরক্ষকের দায়িত্বে, এমনটাই নিশ্চিত করেছেন অধিনায়ক তামিম ইকবাল।
এর আগে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মুশফিকের ক্যাচ হাতছাড়ার পর প্রশ্ন ওঠে তার কিপিং নিয়ে। তবে তামিম স্পষ্ট খোলাসা করলেন, মুশফিকই থাকছেন বাংলাদেশের উইকেটের পেছনে।
তিনি বলেন,’‘ওর কিপিং নিয়ে আমি খুবই খুশি। ক্যাচ মিস বা সুযোগ মিস এগুলো খেলার অংশ। সত্যি কথা বলতে আমি জানি সে কতটা কঠোর পরিশ্রম করে। আর আমাদের টিম ম্যানেজমেন্ট বা সবার একটা মুহুর্তের জন্যও মনে হয় না যে মুশফিক কিপিং করবে না।’’
তিনি আরো বলেন,”সে অবশ্যই করবে, শ্রীলঙ্কার বিপক্ষে শুধু প্রথম ওয়ানডে নয়, পুরো সিরিজেই কিপিং করবে। ক্যাচ মিসের কথা বলছেন, কিন্তু সে কিছু দুর্দান্ত কাজও করেছে। ১৩-১৪ বছর ধরে একজন কিপার ক্যাচ ফেলতে পারে আবার এই সময়ে সে কিছু অবিশ্বাস্য ক্যাচও ধরেছে।আমার মুশফিকের ওপর পূর্ণ আস্থা আছে এবং সে কিপিং করবে।”
