নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেনম ভারতীয় সাবেক অলরাউন্ডার ক্রিকেটার রাজেন্দ্র সিং জাদেজা। গতকাল রোববার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৬ বছর।
ভারতীয় একটি ক্রিকেট সংস্থার পক্ষ থেকে প্রেস বিবৃতিতে বলা হয়, সৌরাষ্ট্রের বিগত দিনের অন্যতম তারকা ক্রিকেটার রাজেন্দ্রসিং জাদেজার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। করোনার বিরুদ্ধে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রাজেন্দ্র জাদেজার মৃত্যুতে শোকপ্রকাশ করে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার বর্তমান সভাপতি জয়দেব শাহ বলেন, ক্রিকেট জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমার যত ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তাদের মধ্যে অন্যতম সেরা ছিলেন উনি। তার কোচিং, মেন্টরশিপে ম্যাচ খেলতে পেরে আমি গর্বিত।
ভারতীয় এই তারকা ক্রিকেটার ৫০টি প্রথম শ্রেণি এবং ১১টি লিস্ট এ ম্যাচে অংশ নিয়ে শিকার করেন ১৪৮ উইকেট। আর ব্যাট হাতে সংগ্রহ করেছেন ১৬৪০ রান।
ক্রিকেট থেকে অবসরে বোর্ডের ম্যাচ রেফারির দায়িত্ব পালন করতেন রাজেন্দ্রসিং জাদেজা। তিনি ৫৩টি প্রথম শ্রেণি, ১৮টি লিস্ট-এ এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। শুধু তাই নয়, সৌরাষ্ট্র ক্রিকেটে নির্বাচক, কোচ এবং টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি।
