শ্রীলঙ্কা সিরিজে এখনো নিশ্চিত নন রুবেল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিউজিল্যান্ড সফর থেকে ফিরেই ইনজুরিতে ভুগছেন টাইগার পেসার রুবেল হোসেন। মূলত কোমরে ব্যথা অনুভব করায় আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের অধীনে পুনর্বাসনে প্রক্রিয়াই রয়েছেন ডানহাতি এই পেসার। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়া চলমান থাকায় ঘরের মাঠে শ্রীলঙ্কা সফরে অনেকটা নিশ্চিত রুবেল।

তবে শেষ মুহূর্তে নির্বাচকদের সঙ্গে আলোচনা করে শ্রীলঙ্কা সফরে রুবেল থাকবেন কি না থাকবেন সে প্রসঙ্গে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেবাশীষ বলেন,”রুবেল যেহেতু এক যুগের বেশি সময় ধরে এলিট লেভেলে বল করছেন সেহেতু এ ধরণের বোলারদের ব্যাকে কিছু ইস্যু হয়ে থাকে। রুবেলও তার ব্যতিক্রম না। কয়েক দফা স্ক্যান করানো হয়েছে, স্ক্যানে তার লো ব্যাকে কিছু সমস্যা দেখা গিয়েছে। যা দীর্ঘ মেয়াদী বোলিংয়ের রিঅ্যাকশন হিসেবেই আমরা সাধারনত পেয়ে থাকি। পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন রুবেলের জন্য। এই সমস্যাটা মাঝে মাঝে মাথাচাড়া দিবে, রুবেলকে একটা খুব ভালো পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে। আর সে সেটিই করছে।’’

তিনি আরও বলেন,”দেখেন ওর পুনর্বাসন প্রক্রিয়া চলছে, বিবেচনার বিষয়টি শেষ মুহূর্তে নির্বাচকরা সিদ্ধান্ত নিবে। আমাদের কাছে যখন আপডেট জানতে চাইবে যে ওর আজকের অবস্থা কি আমরা সেটা জানাবো। এখনই তো বলার প্রয়োজন নেই যে সেই দলের বাইরে চলে গেছে। এটা একটা চলমান প্রক্রিয়া। দল নির্বাচনের আগে যখন আমাদের জিজ্ঞেস করবে সেদিন আমরা আপডেট জানাবো। এটা ততদিনে আরেকটু ভালো হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »