নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণভাবে নিজের অধিনায়কত্ব পালন করেছেন ঋষভ পান্ত। যে কারণে অধিনায়ক পান্তের উজ্জ্বল ভবিষ্যত দেখছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার।
স্থগিত হওয়ার আগে টেবিলের শীর্ষে ছিল পান্তের দল। এছাড়া সবকটি ম্যাচেই নিজের নেতৃত্বগুণের জন্য সুনাম কুড়িয়েছেন পান্ত।
২৩ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের নেতৃত্বগুণে মুগ্ধ সবাই।স্পোর্টসস্টারে লেখা কলামে গাভাস্কার মতামত দিয়েছেন, নেতা পান্তকে আপন পথে চলতে দেওয়া উচিত।
সেখানে গাভাস্কার বলেন,”তরুণ ঋশভ পান্তের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস নিজেদের চিনিয়েছে আলাদা করে। ষষ্ঠ ম্যাচ নাগাদ দেখা যাচ্ছিল যে, অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন শুনতে শুনতে সে ক্লান্ত। প্রতিটি ম্যাচ শেষেই উপস্থাপকরা তার কাছে একই প্রশ্ন করতেন। সে সম্ভাবনার ঝলক দেখিয়েছে, যা ভবিষ্যতে আলোর প্রবাহে পরিণত হতে পারে, যদি তাকে সহজাতভাবে জ্বলতে দেওয়া হয়। হ্যাঁ, ভুলও কিছু সে করবে। সেটা কোন অধিনায়ক করে না?”
পান্তকে নিয়ে কেন এত আশাবাদী তিনি, সেটিও জানিয়েছেন গাভাস্কার। তার ভাষ্যমতে,”আইপিএলের কিছু ম্যাচে সে দেখিয়েছে, ভুল থেকে শেখার মতো যথেষ্ট চতুর সে। যেহেতু সে বেশ চটপটে ও করিতকর্মা, বেশির ভাগ সময়ই পরিস্থিতিকে সে নিয়ন্ত্রণ করেছে এবং কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার পর নিজস্ব পন্থা বের করে নিয়েছে। কোনো সন্দেহ নেই, তার ভবিষ্যৎ উজ্জ্বল।”
