বাংলাদেশের বিপক্ষে আগ্রাসী ক্রিকেট খেলতে চান পেরেরা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দীর্ঘ ৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মত অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ওপেনার কুশল পেরেরা। ক্যারিয়ারে শুরুর দিকে থিতু হতে সময় লাগলেও সময়ের সাথে সাথে পেরেরা হয়ে উঠেছেন দলের নির্ভরযোগ্য ওপেনার। তাই বাংলাদেশ সফরে ওয়ানডে দলের অধিনায়কত্ব উঠেছে তার কাঁধে।

অধিনায়ক পেরেরার প্রথম সফর বাংলাদেশে। শুরু হবে চলতি মাসের ২৩ তারিখে। আর গুরু দায়িত্ব পেয়েই দল নিয়ে নিজের ভাবনা জানিয়ে দিয়েছেন তিনি। খেলতে চান আগ্রাসী ক্রিকেট।

সতীর্থদের কাছে নিজের চাওয়াটাও জানিয়ে দিলেন পেরেরা। সংবাদ সম্মেলনে পেরেরা বলেন,”ম্যাচ জিততে আমাদের ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। হারের ভয় পেলে চলবে না। কেউ দলে নিজের জায়গা নিয়ে উদ্বিগ্ন থাকলে শতভাগ দিতে পারবে না। খেলোয়াড়দের আমি যা বলতে চাই, তা হলো সবকিছু উজাড় করে দাও। আমরা যদি নির্ভয়ে খেলি, এমনকি সেটা অনুশীলনেও, তাহলে মূল ম্যাচেও একইভাবে খেলা সম্ভব হবে। আর এটাই আমি দলের সবাইকে বলেছি। যদি আমরা ভয় পাই তাহলে আরও পিছিয়ে পড়ব। দলের মধ্যে আমি এমন একটি সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করছি, যেখানে খেলোয়াড়দের অনেক বেশি আত্মবিশ্বাস থাকবে। ব্যক্তিগতভাবে সত্যিই আমি ভয়ডরহীন ক্রিকেট খেলতে চাই। আমার সাফল্যও এখানেই। যখনই আমি ভয় নিয়ে খেলেছি, ভালো করতে পারিনি। আমি চাই অন্যরাও এইরকম খেলুক।”

পেরেরা আরো যোগ করেন,”আমাকে নির্বাচিত করার সময় নির্বাচকরা বলেছেন যে, আমি প্রায়ই ৫০ বা ৬০ রান করে তা সেঞ্চুরিতে রূপান্তর না করে আউট হয়েছি। আমি তা মেনে নিয়েছি। যদি আমি সেঞ্চুরি করি, তাহলে ম্যাচ জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। নির্বাচকরাও আমার কাছে সেটাই চান।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »