দুর্দান্ত প্রত্যাবর্তনের রহস্য জানালেন তাসকিন!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিউজিল্যান্ড সফরে পেসার তাসকিন আহমেদ জানান দিয়েছিলেন তিনি আবারো ফিরছেন বল হাতে গতি আর সুইং নিয়ে। এরপরই সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে নিজের কারিশমা দেখিয়েছেন এই পেসার। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে দেখিয়েছেন তার গতি এবং ক্ষিপ্রতা।

এর আগে জাতীয় দল থেকে বাদ পড়ার পর নতুন চ্যালেঞ্জ নিয়েছিলেন তাসকিন। নিজেকে ভেঙে আবার গড়ার তাগিদে মাঠে নামেন তিনি। যার শুরুটা হয়েছিল বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে। এরপর দিনের পর দিন জিম সেশন, নেট সেশন করে নিজেকে গড়ে তুলেছেন আগের রূপে। এসব পরিশ্রমের প্রথম ফল দেখা গিয়েছিল বিসিবি প্রেসিডেন্টস কাপে। এরপর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও দেখিয়েছিলেন নিজের প্রতিভার ঝলক। তারপর নিউজিল্যান্ড সফর শ্রীলঙ্কা সফর দুই জায়গাতেই তার বোলিংয়ের উন্নতির চিত্র ফুটে উঠতে দেখা যায়।

তার এই নতুন রূপে ফিরে আসার গল্প নিউজ ক্রিকেট ২৪ কে তিনি জানিয়েছেন। ভালো করতে বন্ধু বান্ধব, প্রিয় খাবার, এমনকি দিনের বেশিভাগ সময়ই তিনি কাটিয়েছেন জিম সেশনে। এছাড়া পরিবারের অনুপ্রেরণা এবং খালেদ মাহমুদ সুজনের অবদানের কথাও বলেছেন তিনি।

এ বিষয়ে তিনি বলেন,”পরিবারের পাশাপাশি সুজন স্যার সবসময় আমাকে অনুপ্রাণিত করতেন। বিশেষ করে লকডাউনের সময় স্যার আমাকে সবসময় দিকনির্দেশনা দিতেন। প্রতিদিনই স্যারের সাথে আমার কথা হতো। তিনি আমাকে সবসময় অনুপ্রেরণা দিতেন কিভাবে ভালো করা যায় এবং দলে ফিরে আসা যায়। এছাড়া আমার জিমের ট্রেনার দেবু দা ও অনেক সাহায্য করছেন আমাকে।”

তিনি আরো বলেন,”সুজন স্যার দেবু দা ছাড়াও আরো দুজন মানুষ প্রতিনিয়ত আমাকে অনুপ্রেরণা যুগিয়ে গিয়েছেন। তাদের মধ্যে একজন জাকির স্যার অন্যজন আমার মাইন্ড ট্রেনার সাবিদ ভাই। নতুন করে ফিরে আসার পিছনে এই মানুষগুলোর অবদান অনেক।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »