নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেলা কয়েকদিন হলো শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরে আসে বাংলাদেশ। এবার ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে তামিম মুশফিকরা। আসন্ন এই সিরিজে তারুণ্য নির্ভর দল পাঠাচ্ছে লঙ্কা বোর্ড। নবীন হলেও দলটিকে সমীহ করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। তবে ঘরের মাঠে বাংলাদেশের সিরিজ জেতার সামর্থ্য আছে।
সুজন বলেছেন, ‘নবীন হলেও শ্রীলঙ্কা বেশ শক্ত দল হবে। অবশ্যই আমরা ঘরের মাঠে সিরিজ জিততে চাই। আমি বিশ্বাস করি যে আমাদের সামর্থ্য আছে সিরিজ জেতার।’
যদিও মাঠের পারফরম্যান্স বাংলাদেশকে আগাম বার্তা দিচ্ছে না। চলতি বছর নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ৩-০ সমান ব্যবধানে হারে বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেলেও টেস্টে ২-০ ব্যবধানে হেরে যায়।
খালেদ মাহমুদ সুজন আরও বলেন, ‘যদিও বেশ কিছু খেলায় হেরে আমরা পিছিয়ে, কিন্তু আমি মনে করি এই ফরম্যাটে আমরা বেশ দুর্দান্ত দল। আমি মনে করি আমাদের কন্ডিশন, যদিও শ্রীলঙ্কা ও বাংলাদেশে কন্ডিশন খুব বেশি ফারাক নেই তবুও আমাদের নিজেদের মাঠ…আমরা চেষ্টা করবো নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে। আমি বিশ্বাস করি সিরিজটা আমরা জিতবো।’
উল্লেখ্য যে, আগামী ১৬ মে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা। বাংলাদেশে পা রাখার পর তিনদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে সিরিজের সবকটি ম্যাচ হবে দিবা রাত্রির। ২৩, ২৫ ও ২৮ মে হবে ওয়ানডে তিনটি।
