ঈদের পরই অনুশীলনে যোগ দেবেন তামিম-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফেরা সকল ক্রিকেটারদের কোয়ারেন্টিন নীতিমালা সরকার শিথিল করেছে। তবে ঈদের আগে মাঠের অনুশীলনে ফিরবেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কারণ বর্তমানে পরিবারের সাথে চট্টগ্রামে নিজের বাড়িতে অবস্থান করছেন তামিম।

করোনাকালে ক্রিকেটাররা পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন খুবই কম। তাই তামিম এ সময় পরিবারের সাথে থাকবেন। ঈদের আগে ওয়ানডে স্কোয়াডের অনুশীলনে তাই ওয়ানডে অধিনায়কের যোগ দেওয়া হচ্ছে না। ১৮ মে থেকে পুরোদমে শুরু হবে প্রস্তুতি।

বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন জানান,”এই প্র্যাকটিস পুরোপুরি অপশনাল। সরকারের নির্দেশনা পেতে আমরা দেরি করেছি, তাই ছেলেরা অনেকে টিকিট কেটে ফেলেছিল। জানতাম না অনুশীলন আর হবে কি না। এজন্য অনেকে বাড়িতে চলে গিয়েছিল। আজকে অনেক ছেলে কাজ করেছে। ঠিক কতজন বলতে পারব না, তবে ১৫-১৬ জন তো হবেই।’’

তিনি আরো বলেন,”কালকেও ঐচ্ছিক অনুশীলন আছে। অনেকে আজ রাতের টিকিট কেটেছে, বাড়ি চলে যাবে। কাল হয়ত এত বেশি থাকবে না, কমই হবে। ঈদের আগে কাল পর্যন্তই আমাদের অনুশীলন। ঈদের পর ১৮ তারিখ থেকে সবাইকে নিয়ে পুরোদমে অনুশীলন করে। তামিমের আগে থেকে ছুটি ছিল। এজন্য বাড়ি (চট্টগ্রাম) চলে গেছে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »