নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে টেস্ট সিরিজ শেষে দেশে আসা সকল ক্রিকেটারদের করোনা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এর আগে, শনিবার বেলা শেষে বিসিবি কার্যালয়ে গিয়ে কোভিড-১৯ পরীক্ষার নমুনা প্রদান করে ক্রিকেটাররা। সেদিনই দুপুরে গণমাধ্যমকে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী দিয়েছিলেন ক্রিকেটারদের কোয়ারেন্টিন শিথিলের খবর
দুই ম্যাচের টেস্টের সিরিজ শেষে গত মঙ্গলবার দেশে তামিম মুশফিকরা। দেশের করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিমানবন্দর থেকে সরাসরি হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় তাদের। প্রাথমিকভাবে সকল ক্রিকেটারদের ১৪ দিন হোম কোয়ারেন্টিন করার কথা থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে হোম ভেন্যুতে আসন্ন ওয়ানডে সিরিজ সামনে রেখে, ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ দিতে কোয়ারেন্টিন শিথিলের আবেদন করে বিসিবি। পরবর্তীতে, করোনা পরীক্ষার শর্তে তাতে সায় দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
আগামী ২৩ মে থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত করার পরিকল্পনা রয়েছে। আগামী ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত ঈদের ছুটি, ১৮ মে থেকে পুরো দলের অনুশীলন শুরু হবে। সেখানে সব ক্রিকেটারকে পাওয়ার ক্ষেত্রে এরপরের বাধা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের কোয়ারেন্টিন কমানো। এই দুজন ভারত থেকে আসায় সে ব্যাপারে এখনো স্বাস্থ্য অধিদপ্তরের সবুজ সঙ্কেত পাওয়া যায়নি। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি, ‘আমরা ধাপে ধাপে কাজ করছি। আমরা জাতীয় দলেরটা দেখছি। যারা ভারত থেকে এসেছে তাদের প্রটোকলটা ভিন্ন। আরও কঠিন। তাদেরটা নিয়েও কাজ করছি। আশা করছি সে ব্যাপারেও ইতিবাচক কিছু পাব।’
