নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন ২৩ মে থেকে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। ইতিমধ্যেই যারা করোনা পরীক্ষায় নেগেটিভ প্রমান হয়েছে সেসব খেলোয়াড়েরা অনুশীলনে যোগ দিচ্ছেন। নিউজিল্যান্ডের পর শ্রীলঙ্কা সফরেও বাংলাদেশী ফিল্ডারদের ক্যাচ মিসের মহরা লক্ষ্য করা গেছে। এই ঘাটতি কাটিয়ে উঠতেই শ্রীলঙ্কার বিপক্ষে অনুশীলনে টাইগাররা।
শনিবার (৮ মে) গণমাধ্যমকে এমনটিই জানান জাতীয় দলের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিল্ডিংয়ে অনুশীলনের ব্যাপারে অনেক কিছুই জানিয়েছেন এই তরুন অলরাউন্ডার।
আফিফ বলেন, ‘নিউজিল্যান্ডে আমাদের ফিল্ডিংটা তেমন একটা ভালো হয়নি। তবে আমরা এখন আমাদের প্রস্তুতি খুব ভালোভাবে নিচ্ছি। প্রত্যেকদিন অনুশীলন শেষে আমাদের ফিল্ডিং সেশন থাকছে। তো ওখানে চেষ্টা করছি যাতে ভালো কিছু করতে পারি এবং ম্যাচে যাতে ভুলের পুনরাবৃত্তি আর না হয়।’
আইপিএল থেকে ফিরে সাকিব-মুস্তাফিজ এবং শ্রীলঙ্কা সফর থেকে ফিরে টেস্ট দলের সদস্যরা এখনো অনুশীলনে যোগ দেননি। তবে ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে যারা আছেন তারা শুরু করেছেন অনুশীলন।
তিনি জানান, ‘একটা সিরিজের আগে এরকম একটা লম্বা সময় ধরে আমরা প্র্যাকটিস করতে পারছি, এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। অবশ্যই এটা আমাদের খুব দরকার ছিল, যা সিরিজের আগে আমাদের প্রস্তুতিতে খুব সাহায্য করছে।’
এ সময় দল নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন আফিফ। তিনি জানান, ‘আমাদের যেহেতু পুরো দল আছে, সাকিব ভাই-মুস্তাফিজ ভাই থাকছে, এটা অবশ্যই আমাদের জন্য ভালো দিক। আশা করি আমরা এ সিরিজটা খুব ভালোভাবে শেষ করব ইনশাআল্লাহ্।
এদিকে আইপিএল থেকে ফিরে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে আছেন সাকিব ও মুস্তাফিজ। শ্রীলঙ্কা থেকে ফেরা ক্রিকেটাররা যারা করোনা নেগেটিভ হবেন তারাও দ্রুতই যোগ দিবেন অনুশীলনে। বিসিবি থেকেও নেওয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি।
