নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা ভাইরাস প্রকোপের মধ্যেই চলছে আন্তর্জাতিক সব ক্রিকেট। খেলা চললেও মানতে হচ্ছে নানা বিধি সব কড়া নিষেধ। থাকতে হচ্ছে লম্বা সময় কোয়ারেন্টাইনে, অনেকে আবার কোয়ারেন্টাইনের ধকল সামলে উঠতে পারছেন না।
চলতি জিম্বাবুয়ে সিরিজে লম্বা সময় কোয়ারেন্টাইনের পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ব্যাটিংয়ে নামার অপেক্ষা বাড়িয়ে দিয়েছেন ওপেনাররা। ফলে লম্বা সময় ধরে তাকে ব্যাট প্যাড পড়ে বসে থাকতে হচ্ছে। এ কারণেই স্নায়ুচাপে ভুগছেন বাবর এমনটাই মনে করেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।
এর প্রভাব পড়েছে তার পারফর্মমেন্সেও প্রথম টেস্টে বাবর আউট হয়েছেন প্রথম বলেই। দ্বিতীয় টেস্টে বাবর ফিরেছেন মাত্র ২ রান।
বাবরের এমন পারফরম্যান্সের ব্যাখ্যা করে শোয়েব বলেছেন,”দুশ্চিন্তার ব্যাপার বাবর আজমকে নিয়ে, সে রান করছে না। এই দলের (জিম্বাবুয়ে) বিপক্ষে, তাকে নিজের ব্যাটিংয়ের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে। কারণ ওপেনাররা রান করছে, এরপর আজহার আলি লম্বা ইনিংস খেলছে। বাবরকে এই সময়টায় প্যাড পরে প্রস্তুত থাকতে হচ্ছে, যা টেস্ট ক্রিকেটের সবচেয়ে ভালো ও সবচেয়ে খারাপ দিক।”
কোয়ারেন্টাইনের ভেতর কোয়ারেন্টাইন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের এই সাবেক পেসার। তিনি বলেন,”এই সময়টায় বসে থাকতে হয়, মনোযোগ দিয়ে খেলা দেখতে হয়, বেশি কথাও বলা যায় না। মূলত তাই বলা যায়, কোয়ারেন্টাইনের ভেতর কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। এই সিরিজে বাবরের অন্তত ৩০০-৪০০ রান করা উচিত ছিল।”
