নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দেশের ক্রিকেটে যে কোন ফরম্যাটের জন্য সাকিব আল হাসান বিশাল বড় এক নাম। তিনি দলে থাকলে একজন বোলার কিংবা একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলা যায়। কিন্তু যখন সাকিব না থাকেন তখন দলকে পড়তে হয় বিপাকে।
সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজের টেস্ট ম্যাচেও সাকিবের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ দল। এ কারণে সাকিবের বিকল্প খুঁজে পেতে মরিয়া বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
দেশে ফিরে আজ বিমান বন্দরে দাড়িয়েই ডমিঙ্গো জানালেন সাকিবের বিকল্প এখনো না পেলেও খুঁজে পেতে মরিয়া তিনি। এ বিষয়ে ডমিঙ্গো বলেন,”আমি অবশ্যই মনে করি দলে একজন অলরাউন্ডার খুঁজে বের করতে হবে যে দলকে ভারসাম্যপূর্ণ করবে। অবশ্যই সাকিব এমন একজন, তবে আমাদের এমন কাউকে খুঁজে বের করতে হবে যে টপ সিক্সে ব্যাট করবে এবং পেস বোলিংটাও পারবে। এটা বিশেষ করে দেশের বাইরে খেলতে খুব প্রয়োজন। যা এই মুহূর্তে আমাদের কাছে নেই।”
প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয় টেস্ট ক্রিকেটারদের ব্যর্থতায় হারতে হয়েছে। একই সঙ্গে হারতে হয়েছে সিরিজও। এই হারের পিছনেও সাকিবের অনুপস্থিতির দায় দেখছেন ডমিঙ্গো।
তিনি বলেন,”দেখেন আমি যেটা বলেছি আপনি হারলে সবসময়ই সমালোচনা হবে। অবশ্যই সাকিবকে ছাড়া একটা ভারসাম্য তৈরি করা কঠিন ছিল। আপনাকে হয়তো একজন বোলার কিংবা একজন ব্যাটসম্যান কম খেলাতে হয়েছে।”
