নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনার বর্তমান অবস্থা ভালো থাকায় ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাঠে গড়ানো নিয়ে আর কোনো শঙ্কা নেই। চলতি মাসের ৩১ মে থেকে মাঠে গড়াতে যাচ্ছে প্রিমিয়ার লিগের এবারের আসর। তবে এবারের আসরে পুরো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
আর এ বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান। কাজী ইনাম আহমেদ।
এ প্রসঙ্গে ইনাম বলেন,’‘৩১ মে থেকে ডিপিএল শুরু করার ব্যাপারে সিসিডিএম বিসিবির পরিকল্পনাকে সমর্থন করেছে। আগে যেমন সিদ্ধান্ত নেয়া হয়েছে যে এটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে। আন্তর্জাতিক ব্যস্ত সূচি ও আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বিবেচনায় আমরা বিশ্বাস করি ২০১৯-২০ লিগের জন্য টি-টোয়েন্টিই আদর্শ ফরম্যাট।’’
এছাড়া খেলোয়াড়দের সুরক্ষা নিয়ে ইনাম বলেন,’‘এই সময়ে খেলোয়াড়দের সুরক্ষার গুরুত্ব সম্পর্কে বিসিবি সভাপতি একটি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। বোর্ড চলতি মৌসুমে সাফল্যের সঙ্গে দুটি টুর্নামেন্ট শেষ করেছে এবং ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তা দিয়েছে। আমরা এগুলো থেকে শিক্ষা নেব এবং সেই অনুযায়ী বঙ্গবন্ধু ডিপিএলের জন্য পরিকল্পনা করব। এই লিগটি খেলোয়াড় ও ক্লাবগুলোর কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি। পরিকল্পনার সময় তাদের সমর্থনকে প্রশংসা জানাই।”
