পারিবারিক কারণে বিগ ব্যাশ ছাড়লেন বন্ড-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী মৌসুমের বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের সঙ্গে থাকবেন না শেন বন্ড। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি এই টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক এই পেস বোলার। মূলত করোনার কারণে পরিবারেরকে সময় দিতেই থান্ডারের সাথে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সর্বশেষ তিন আসর ধরে সিডনি থান্ডারের হেড কোচের দায়িত্ব পালন করছেন বন্ড। করোনা ভাইরাসের কারণে বিগ ব্যাশের চেয়ে পরিবারকে বেশি গুরুত্ব দিতে চাইছেন তিনি। তবে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন সাবেক এই কিউই ক্রিকেটার।

এ বিষয়ে বন্ড বলেন,”সিডনি থান্ডারের সঙ্গে থাকা সময়টা আমি উপভোগ করেছি। কিন্তু এখন ভ্রমণ নিষেধাজ্ঞাসহ নানান জটিলতা চলে আসছে। সামনের দিনগুলো কেমন হবে তাও জানা নেই। তাই বাড়িতে থাকার সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না।”

তিনি আরও বলেন,”ছয় বছরে একবারও বাড়িতে থাকতে পারিনি। আমার স্ত্রী ট্র্যাসিকে সব দায়িত্ব একাই পালন করতে হয়। আমি বাড়িতে থাকতে চাই। আমার মেয়ে হাই স্কুল শেষ করার পথে। আমার ছেলের সামনে ক্রিকেটের গুরুত্বপূর্ণ সময় আসছে। তাদের পাশে থাকতে চাই। এছাড়া আমি সিডনি থান্ডারের ছেলেদের অনেক মিস করব। ম্যানেজম্যান্টের সবার কথা অনেক মনে পড়বে। এটা দারুণ একটা ক্লাব। আমি সবাইকে মিস করবে। এটা (দূরে থাকা) সত্যিই অনেক কঠিন হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »