নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিজে যখন ক্রিকেট খেলতেন তখন বিধ্বংসী এক ওপেনার হিসেবেই পরিচিত ছিলেন বীরেন্দর শেবাগ। বিশ্বের নামকরা সকল বোলারকেই পাড়ার বোলার বানিয়ে ছাতু করতেন তিনি। তবে নিজের ক্যারিয়ারে কখনই ছয় বলে ছক্কা বা ছয় বলে ছয়টি চারের বাউন্ডারি মারতে পারেননি এই মারকুটে ব্যাটসম্যান।
গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শিভম মাভির করা ইনিংসের প্রথম ওভারেই ছয় বলে ছয়টি বাউন্ডারি মেরেছেন দিল্লির ওপেনার পৃথ্বী শ। এটা মোটেও সহজ কাজ নয় সেটা তিনি নিজেও জানেন। যে কারণে ক্যারিয়ারে অনেকবারই ছয় ছক্কা বা ছয় বাউন্ডারি মারতে চেয়েছেন এক ওভারে। তবে সর্বোচ্চ ১৮-২০ রান নিতে পেরেছেন তিনি।
এ প্রসঙ্গে শেবাগ বলেন,”ছয় বলে ছয়টি বাউন্ডারি মানে প্রতিটি বল ফাঁকা জায়গা দিয়ে সঠিকভাবে মারতে হবে। যেটা সহজ ব্যাপার নয়। আমি আমার ক্যারিয়ার জুড়ে ওপেনিং করেছি এবং ছয় বলেই মারতে চেয়েছি। কিন্তু আমি সর্বোচ্চ ১৮ অথবা ২০ রান করেছি। আমি কখনই ছয়টি বাউন্ডারি বা ছয় ছক্কা মারতে পারিনি। এটা করতে হলে আপনাকে নির্ভুল হতে হবে, আপনার টাইমিং নিখুঁত হলেই ফাঁকা জায়গা খুঁজে পাবেন।”
কলকাতার বিপক্ষে গতকাল তাঁর ৪১ বলে ৮২ রানের উপর ভর করে ৭ উইকেটের বড় জয় এনে দিয়েছেন তিনি। এমন ইনিংসের পর শেবাগের বাহবা পাচ্ছেন তিনি।
পৃথ্বীর প্রসংসা করে শেবাগ বলেন,”ব্যাট হাতে পৃথ্বী দুর্দান্ত। তাকে দেখে মনেই হয়নি ক্রিকেট খেলতে নেমেছে। সম্ভবত তাঁর এই আত্মবিশ্বাস এসেছে শিভ মাবির সঙ্গে অনূর্ধ্ব-১৯ দলে খেলার কারণে। সে জানতো বল কোথায় আসবে। আমি আশিষ নেহরার বিপক্ষে অনেকবার ব্যাট করেছি নেটে। ঘরোয়া ক্রিকেটে আমি তাকে ছয়টি বাউন্ডারি মারতে পারিনি এক ওভারে। এই ইনিংসের জন্য তাকে টুপি খোলা সালাম।”
