নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি আসরের আইপিএলে ব্যাট হাতে একেবারেই ফর্মে নেই সুনীল নারিন। চার ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। চার ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১০ রান। এর মধ্যে গতকালের ম্যাচে রানের খাতা খুলতেই ব্যর্থ হয়েছেন তিনি।
এমন পারফরম্যান্সের ফলে কলকাতা নাইট রাইডার্স দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠাতা স্বাভাবিক। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেটের ব্যবধানে হারের পর কলকাতার এই তারকার কড়া সমালোচনা করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার।
গাভাস্কার বলেন,”চারে বা পাঁচে নারিনকে নামানো মানে ওভার নষ্ট হতে দেওয়া। যদি নারিনকে খেলাতেই হয় তাহলে উপরের দিকে খেলানো হোক। ওখানে অন্তত কয়েকটা বল ও ব্যাটে লাগাতে পারবে। কলকাতার সব থেকে বড় সমস্যা হলো ওদের তিন, চার বা পাঁচে এমন কোনও ব্যাটসম্যান নেই যে ম্যাচে প্রভাব ফেলতে পারবে।”
গাভাস্কারের পরামর্শ দীনেশ কার্তিক বা রাহুল ত্রিপাঠিকে উপরে খেলালে সুফল পেতে পারে কলকাতা। যদিও দলটির ডাক আউটে কোনো দায়িত্বশীল ব্যাটসম্যান দেখছেন না তিনি।
গাভাস্কার বলেছেন,”কলকাতার হাতে ভাল ব্যাটসম্যানই নেই। জানি না ডাগ-আউটের দিকে তাকালে ওরা দায়িত্বশীল কোনও ব্যাটসম্যানকে খুঁজে পাবে কি না। ওদের ব্যাটিং অর্ডার যদি দেখেন, শুভমান গিল বা মরগান বাদে ভাল ব্যাটসম্যান কোথায়? পাঁচে বা ছয়ে রাসেল ঠিক আছে। কিন্তু আমার মনে হয় দীনেশ কার্তিক বা রাহুল ত্রিপাঠির কাউকে আরও উপরে তুলে আনা উচিত।”
