নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটি। মোটেও সুখকর হচ্ছে না। প্রতি ম্যাচেই কলকাতাকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ হচ্ছেন শুভমান গিল ও নীতিশ রানা। এমন অবস্থায় কলকাতার ওপেনিং জুটিতে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক দুই ক্রিকেটার সুনীল গাভাস্কার ও বীরেন্দর শেবাগ।
দুজনই মনে করেন কলকাতার হয়ে ওপেনিং করা উচিত ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিনের। তাঁর সঙ্গে থাকতে পারেন ফর্মে থাকা রাহুল ত্রিপাঠি। গিল ইনিংস শুরু করতে গিয়ে সংগ্রাম করছেন বলেও মন্তব্য করেছেন গাভাস্কার।
তিনি বলেছেন,”আমার মনে হয় কলকাতার সিদ্ধান্ত নেওয়া উচিত ত্রিপাঠি বা গিল, কার সঙ্গে নারাইনকে ওপেন করতে নামানো উচিত। গিল এখন সংগ্রাম করছে, অত ভালো খেলছে না। সে হিসেবে ত্রিপাঠির সঙ্গে নারাইনেরই নামা উচিত।”
সাবেক ওপেনার শেবাগ মনে করেন গিল শুরু থেকে স্ট্রোকের ফুলঝুরি ছড়ানোর মতো কোনো ব্যাটসম্যান নন। তাই তাঁর পরিবর্তে নারিন বা ত্রিপাঠিকে ওপেনিংয়ে পাঠানোর উচিত কলকাতার।
তাঁর ভাষ্য,”আমার কাছে গিলকে এমন একজন ওপেনার মনে হয়, যে ওয়ানডে আর টেস্টের জন্য কার্যকর। টি-টোয়েন্টিতে আপনার এমন একজন ওপেনার দরকার, যে ইচ্ছেমতো চার-ছয় পেটাতে পারে। আর তার সঙ্গী হিসেবে এমন একজনকে দরকার, যে এক প্রান্ত আগলে রাখতে পারে। এ জন্য আমি গিলকে ইনিংস ধরে রাখার ভূমিকায় দেখতে চাইছি। ওর সঙ্গে এমন একজনকে নামানো উচিত, যে পাওয়ার প্লেতে চার-ছয় মেরে রান তুলতে পারে। সুনীল নারিন কিংবা রাহুল ত্রিপাঠির মতো কেউ পালন করতে পারে সেই ভূমিকা। আর নিতীশ রানা নেমে গেল চারে।”
