মুশফিক ভাইয়ের উইকেট নিতে চাই- শরিফুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্কোয়াডে রয়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম। মূলত পেসার হলেও তরুণ এই ক্রিকেটার রীতিমত ভক্ত মুশফিকুর রহিমের ব্যাটিংয়ের।

শরিফুল বর্তমানে জাতীয় দলের সাথে ব্যস্ত সময় পার করছেন। টেস্ট স্কোয়াডে নাম থাকলেও এখনও অভিষেক হয়নি টেস্টে। তবে খেলা হয়েছে টি-টোয়েন্টি। জাতীয় দলে একই সাথে খেললেও প্রস্তুতি ম্যাচে সতীর্থদের বিপক্ষে খেলতে হয়ত কখনও কখনও। আর সেখানেই মুশফিকের উইকেট শিকারের স্বপ্ন শরিফুলের।

তিনি বলেন,”ব্যাটসম্যানদের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে মুশফিক ভাইয়ের ব্যাটিং। উনাকে আমি এখনও আউট করতে পারিনি। আমার ইচ্ছে যেকোনো খেলায় উনার উইকেট নেওয়া।”

মুশফিক ছাড়াও, শরিফুলের ভালো লাগে তামিমের ব্যাটিং। শরিফুল যখন ছোট, তখন থেকেই জাতীয় দলে খেলেন মুশফিক, তামিমরা। সে কারণে একই ড্রেসিংরুমে থাকায় ভেতরে রোমাঞ্চ কাজ করে তার।

শরিফুল বলেন,”মুশফিক ভাইয়ের পাশাপাশি তামিম ভাইয়ের ব্যাটিংও ভালো লাগে। তাদের খেলা আগে দেখতাম, এখন তাদের সঙ্গে খেলছি, তাদের বিপক্ষে বোলিং করছি। এটা ভালো লাগছে। নেটে এখন তাদের সঙ্গে ভালোই ফাইট হচ্ছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »