অস্ট্রেলিয়ায় ফিরতে ‘বিশেষ বিমান’ চান ক্রিস লিন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ। এমন পরিস্থিতি দেখে দুদিন আগে আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার। এবার মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার ক্রিস লিন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রতি বিশেষ অনুরোধ রেখেছেন।

ভারতে গেল সোমবার সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এতে করে আইপিএল চলাকালীন ক্রিকেটারদের মাথায় চিন্তার মেঘ দেখা যাচ্ছে। বিশেষ করে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা তো নিজ দেশে ফিরতে মরিয়া। ইতিমধ্যে দেশে ফিরেছেন অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন ও অ্যান্ড্রু টাই।

অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ক্রিকেটারদের শারীরিক অবস্থা, দেশে ফেরার কী পরিকল্পনা এসব নিয়ে যোগাযোগ করা হচ্ছে বোর্ড। ওই বার্তার উত্তর দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সে খেলা ক্রিস লিন।

তিনি বলেন,”আমরা আইপিএল খেললে অস্ট্রেলিয়া বোর্ড যে চুক্তির ১০ শতাংশ টাকা পায়, সেই টাকায় ব্যক্তিগত বিমান বা চাটার্ড ফ্লাইটের ব্যবস্থা করা সম্ভব কি না জানতে চেয়েছি বোর্ডের কাছে।”

তিনি আরও যোগ করেন,”আমি জানি অন্য অনেকের থেকে ভালো আছি আমরা। কিন্তু প্রচণ্ড কঠিন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হচ্ছে আমাদের, পরের সপ্তাহে হয়তো টিকাও পেয়ে যাব। ব্যক্তিগত বিমান হলে যদি সরকার আমাদের ঢুকতে দেয়। আমি কোনও সংক্ষিপ্ত রাস্তা নেওয়ার কথা বলছি না। সব নিয়ম জেনেই আমরা সই করেছি। তবে আইপিএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে যেতে চাই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »