নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনার কারণে স্থগিত হয়ে গিয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে আবারো মাঠে গড়াতে যাচ্ছে আগামী ১ জুন থেকে। আর এই বাকি থাকা ম্যাচগুলোর জন্য আর একবার অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে সাকিব-তামিম সহ রয়েছেন আরও তিন বাংলাদেশী ক্রিকেটার।
টুর্নামেন্টের মাঝপথে করোনা শনাক্ত হওয়ার পরই গত ৪ মার্চ টুর্নামেন্টটি স্থগিত করে কতৃপক্ষ। নতুন দিনক্ষণ ঠিক করা হয় ১ জুন, চলবে ২০ জুন পর্যন্ত। নতুন করে এই প্লেয়ার্স ড্রাফটে নাম রয়েছে বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের। প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সঙ্গে একই ক্যাটাগরিতে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, আন্দ্রে রাসেল, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। তারপরের ক্যাটাগরি, ডায়মন্ডে রয়েছেন আরেক বাংলাদেশী তামিম ইকবাল।
তামিমের সঙ্গে একই ক্যাটাগরিতে রয়েছেন উসমান খাজা, জেমস ফকনার, নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে। এই তালিকায় রয়েছেন প্রোটিয়া পেসার মর্নে মরকেলও। সিলভার ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার- সাব্বির রহমান, লিটন দাস ও পেসার তাসকিন আহমেদ।
