নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাল্লেকেলেতে ৪র্থ দিন শেষে আলোক স্বল্পতায় খেলা বন্ধ হবার আগ পর্যন্ত করুনারত্নের ডাবল সেঞ্চুরি আর ডি সিলভার হার না মানা দেড়শোতে ৩ উইকেটে ৫১২ রান সংগ্রহ করেছে লংকানরা। করুনারত্নে ২৩৪ ও ডি সিলভা অপরাজিত আছেন ১৫৪ রানে। মাত্র ২৯ রানে পিছিয়ে থেকে শেষ দিনে ব্যাট করতে নামবে লংকানরা
টেস্টে ক্রিকেটে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি করেন দিমুথ করুনারত্নে। পাল্লেকেলেতেও প্রথমবারের মতোন কোনো ব্যাটসম্যান দ্বিশতক করেন। অপরদিকে, ক্যারিয়ারে মেইডেন দেড়শো রানের মাইলফলক স্পর্শ করেন ধনঞ্জয়া ডি সিলভা।
এর আগে গতকাল ৩য় দিনে লাঞ্চ বিরতির কিছু সময় আগে ৭ উইকেটে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। শ্রীলঙ্কার পক্ষে ৯৬ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন বিশ্ব ফার্নান্দো।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই শতরান তোলে দুই লংকান ওপেনার। দলীয় ১১৪ রানে ৫৮ রান করে ফেরেন থিরিমান্নে। এরপর ব্যক্তিগত ২০ রান করেই তাসকিনের বলে আউট হন ওশাদে ফার্নান্দো। ৩য় উইকেটে ৪৩ রানের জুটি গড়ার পথে ব্যক্তিগত ২৫ রানে তাইজুলের বলে বোল্ড হয়ে ম্যথিউস ফেরত গেলে ৩য় উইকেটের পতন হয়। কারুনারত্নের অপরাজিত ৮৫ আর ডি সিলভার ২৬ রানে ৩ উইকেটে ২২৯ রানে দিনশেষ করে শ্রীলঙ্কা।
আজ ৪র্থ দিনে সারাদিন তাইজুল-মিরাজরা আপ্রাণ চেষ্টা করলেও আদায় করতে পারেননি লংকানদের কোনো উইকেট। শেষ দিনে ২৯ রানে পিছিয়ে থেকে ব্যাট করবে লংকানরা।
