নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাত্র ৫২ বলে ১০১ রানের অপরাজিত এক বিধ্বংসী ইনিংস খেলেছেন দেবদূত পাডিকাল। তাঁর ব্যাটের উপর ভর করে ১০ উইকেটের বড় জয় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
প্রথমবারের মতো ম্যাজিক ফিগারে পৌছাতে পেরে দারুণ খুশি। তবে কিছুদিন আগের সেই অন্ধকারের কথাও মনে করলেন। কারণ আইপিএল শুরুর ঠিক আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এই ওপেনার। তখন খুব ভেঙ্গে পড়েছিলেন বলে জানিয়েছেন পাডিকাল।
তিনি বলেন,”আমি যখন কোভিডে আক্রান্ত হওয়ার খবর পেলাম, তখন সবার আগে মনে হল কবে মাঠে নামব। তারপর প্রথম ম্যাচটা খেলতে পারিনি। খুব ভেঙে পড়েছিলাম। আমি খেলার জন্য ছটফট করছিলাম।”
১০ উইকেটের জয় পেয়ে ম্যাচ শেষে তিনি জানিয়েছেন উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। দুজনই ভালো ব্যাট করায় কাজটা সহজ হয়ে গিয়েছিল।
পাডিকাল বলেন,”ওয়াংখেড়েতে বল খুব ভাল ভাবে ব্যাটে আসছিল। আমরা দুজনেই ভাল খেলতে শুরু করায় কাজটা আরও সহজ হয়ে যায়। আমি বিরাটকে বলেছিলাম চালিয়ে খেলতে, কারণ আমার শতরানের থেকে দলের জয় বেশি গুরুত্বপূর্ণ।”
গতকাল নিয়মিত প্রান্ত বদল করে খেলেছেন পাডিকাল ও কোহলি। ম্যাচ শেষে তাই অধিনায়ক কোহলিকেও কৃতিত্ব দিয়েছেন বেঙ্গালুরুর এই ওপেনার।
কোহলির সঙ্গে জুটি নিয়ে পাডিকাল বলেন,”আমরা দুজনেই বুঝে গিয়েছিলাম যে, ভাল খেলছি। কখনও ও ভাল খেলেছে, কখনও আমি ভাল খেলেছি। তাই উইকেট ছুঁড়ে না দিয়ে শুধু প্রান্ত বদল করে খেলতে থাকি।”
