নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পালেকেল্লেতে সিরিজের ১ম টেস্টের ৩য় দিনে নিজেদের প্রথম ইনিংসে লংকানদের বিপক্ষে ৭ উইকেটে ৫৪১ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।
প্রথম দিনে সাইফের শূন্য আর তামিমের ৯০ রানের ইনিংসের পর মেইডেন সেঞ্চুরি করেন নাজমুল শান্ত সেই সাথে ফিফটি তুলে নেন অধিনায়ক মুমিনুল হক। দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। দেশের বাইরে প্রথম টেস্ট সেঞ্চুরি পান তিনি। অপরাদিকে, মেইডেন দেড়শো রান করেন নাজমুল শান্ত। ব্যক্তিগত ১৬৩ রান করে নাজমুল শান্ত বিদায় নেবার কিছুক্ষণ পরই ব্যক্তিগত ১২৭ রান করে আউট হন মুমিনুল হক।
রানের চাকা তবু সচল থাকে মুশফিক-লিটনের ব্যাটে৷ আলোক স্বল্পতায় দ্বিতীয় দিনের শেষ ভাগে আর খেলা হয়নি। ৩য় দিনে নেমে ফিফটি তুলে নেন দুই ব্যাটসম্যান লিটন দাশ ও মুশফিকুর রহিম। ৫০ রান করে লিটন ফিরলেও মুশফিক অপরাজিত থাকেন ৬৮ রানে। মাঝে মিরাজ-তাইজুলরা ছিলেন আসা যাওয়ার মিছিলে।
লাঞ্চ বিরতির কিছু সময় আগে ৭ উইকেটে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। শ্রীলঙ্কার পক্ষে ৯৬ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন বিশ্ব ফার্নান্দো।
