নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পালেকেল্লেতে প্রথম টেস্টের ২য় দিনশেষে ব্যাট হাতে অপরাজিত রয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাশ। ২ উইকেটে ৩০২ রান নিয়ে ২য় দিনে ব্যাট করতে নেমে মুমিনুলের সেঞ্চুরি আর শান্তর দেড়শোতে দিনশেষে ৪ উইকেটে ৪৭৪ রান করেছে বাংলাদেশ।
দিনের শুরু থেকে ধৈর্য্য সহকারে অনেকটা ধীরেই ব্যাট করেন মুমিনুল ও শান্ত৷ একপ্রান্তে দূর্দান্ত ব্যাটিং করে মুমিনুল তুলে নেন ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি ও দেশের বাইরে নিজের প্রথম টেস্ট শতক! আরেক প্রান্তে শান্ত তুলে নেন ক্যারিয়ারের মেইডেন দেড়শো। দুইজনের হার না মানা ব্যাটিংয়ে পাহাড়সম সংগ্রহের দিকে এগোয় টাইগাররা।
অবশেষে দলীয় ৩৯৪ ও ব্যক্তিগত ১৬৩ রানে লাহিরু কুমারার বলে তাকেই ক্যাচ দিয়ে আউট হন নাজমুল শান্ত। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাতছানি দিলেও করতে পারেননি তিনি। এরপর দলীয় ৪২৪ রানে মুমিনুল হক ব্যক্তিগত ১২৭ রান করে ধনঞ্জয়া ডি সিলভার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলে ৪র্থ উইকেটের পতন হয়।
৫ম উইকেটে মুশফিকের অনেকটাই ধীর গতির ৪৩ আর লিটনের ২৫ রান করার পর বৃষ্টি বাগড়া দেয়। বৃষ্টি থামলেও বৈরি আবহাওয়া ও আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর শুরু না হলে দিনের বাকি খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরবর্তী দিনে ১৫ মিনিট আগে খেলা শুরুর কথাও জানানো হয়।
