শান্ত-মুমিনুলের ব্যাটিংয়ে মুগ্ধ ডমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরোয়া কিংবা বয়সভিত্তিক দলে দারুণ ব্যাটিং করে সবার নজর কাড়লেও আন্তর্জাতিক ক্রিকেটে এসে নিজেকে মেলে ধরতে পারছিলেন না নাজমুল হোসেন শান্ত। তবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। আর ক্যান্ডিতে লঙ্কানদের বিপক্ষে শান্তর এই ব্যাটিং পছন্দ হয়েছে রাসেল ডমিঙ্গোর।

প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই প্রধান কোচ জানিয়েছেন, শান্তর ব্যাটিংয়ে তিনি সন্তুষ্ট। গেল কয়েক মাস শান্ত অনেক পরিশ্রম করছেন। শুধু তাই নয়, বিদেশের মাটিতে প্রথমবারের মতো সেঞ্চুরি পাওয়া মুমিনুলের ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন ডমিঙ্গো।

শান্তর ব্যাটিংয়ের প্রশংসা করতে গিয়ে ডমিঙ্গো বলেন,’‘আমার মনে হয় সে যেভাবে ইনিংসটি খেলেছে তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। অনেকটা ধৈর্য ধরে, কিছু বল ছেড়ে দিয়ে এবং স্কোরিং এরিয়াতে খেলেছে। সে দারুণ ইনিংস খেলেছে। আমি সত্যিই সন্তুষ্ট। সে তার খেলা নিয়ে কয়েক মাস ধরেই পরিশ্রম করছে।’’

টেস্টে দেশের মাটিতে ১০ টি সেঞ্চুরি থাকলেও দেশের বাইরে এবারই প্রথমবারের মতো সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। যা দারুণ এক অর্জন বলে মনে করেন ডমিঙ্গো।

এ প্রসঙ্গে তিনি বলেন,”আমি মনে করি তার খেলাটা সে ভালো বুঝে। সে খুব শান্ত। আমার মনে হয় তাঁকে ঘরের মাঠে প্রতিষ্ঠিত টেস্ট ম্যাচ ভাবা হয়। সে তার প্রস্তুতিতে একেবারে নিখুঁত। সে কঠোর পরিশ্রম করে। সে জানে তার শক্তি ও দুর্বলতা কি। আমি মনে করি সে দুর্দান্ত টেস্ট ব্যাটসম্যান। নেতৃত্ব দেয়ার জন্য সে যথাসাধ্য চেষ্টা করে। সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিল, এখানেও সেঞ্চুরি পেলো। আমার মনে হয় তার এখন ১১ সেঞ্চুরি। যা দুর্দান্ত একটি অর্জন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »