নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসির দুর্নীতি বিরোধীর কয়েকটি ধারা ভাঙার অপরাধে সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পেসার কাদির আহমেদ। এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
এর আগে ২০১৯ সালে অভিযোগ ওঠায় সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। প্রথমে স্বীকার না করলেও গেল ১৪ এপ্রিল নিজের সব দোষ স্বীকার করে নিয়েছেন ডানহাতি এই পেসার। তাঁর বিপক্ষে আইসিসির দুর্নীতি বিরোধী বিধির ৬টি ধারা ভাঙার অভিযোগ প্রমাণিত হয়েছে।
ফিক্সিংয়ের প্রস্তাব ছাড়াও দলের ভেতরের তথ্য বাইরে পাচার করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া তদন্ত কাজ করার সময় কোন ধরণের সহযোগিতা বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। যে কারণে সবকিছু মিলিয়ে ৫ বছরের নিষেধাজ্ঞা পেতে হয়েছে তাঁকে।
সংযুক্ত আরব আমিরাতেরে হয়ে এখন পর্যন্ত ১১টি ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেলেছেন কাদির। যেখানে ১১ ওয়ানডেতে নিয়েছেন ৮ উইকেট আর ১০ টি-টোয়েন্টিতে পেয়েছেন ৯ উইকেট।
