শান্তর সেঞ্চুরিতে দিনশেষে ভালো অবস্থানে টাইগাররা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নাজমুল শান্তর সেঞ্চুরি আর তামিম-মুমিনুলের হাফ সেঞ্চুরিতে পাল্লেকেলেতে প্রথম দিন শেষে ২ উইকেটে ৩০২ রান নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। মাত্র ১০ রানের আক্ষেপে তামিম সেঞ্চুরি না পেলেও মেইডেন টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল শান্ত।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাল্লেকেলেতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলীয় ৮ ও ব্যক্তিগত শূন্য রানে শুরুতেই সাইফ হাসানের উইকেট হারায় সফরকারীরা। মায়ের দেশে ব্যাট হাতে শূন্য রানেই ফেরেন সাইফ। তবে এক প্রান্তে টেস্টে ওয়ানডে সুলভ ব্যাটিং করতে থাকেন তামিম। ৫ এর উপর রান রেটে এক প্রান্তে দূর্দান্ত ফিফটি করেন তামিম, আরেক প্রান্তে অনেকটা ধৈর্যের পরিচয় দিয়ে নিজের ইনিংস মেরামত করেন শান্ত।

দুই প্রান্তে দু’জনেই দূর্দান্ত ব্যাট করতে থাকেন। আরেক প্রান্তে শান্ত ফিফটি তুলে নিলে সেঞ্চুরির অনেকটাই কাছে পৌঁছে যান তামিম। ব্যক্তিগত ৯০ রানে বিশ্ব ফার্নান্দোর বলে লেট কাট করতে গিয়ে স্লিপে ধরা পড়েন তামিম। মাত্র ১০ রানের আক্ষেপে সেঞ্চুরি করতে পারেননি তিনি। দ্বিতীয় উইকেটে দু’জনে মিলে করেন ১৪৬ রানের জুটি। তবে আরেক প্রান্তে দূর্দান্ত খেলে নিজের টেস্ট ক্যারিয়ারের মেইডেন সেঞ্চুরি তুলে নেন শান্ত। ৩য় উইকেটে অধিনায়ক মুমিনুলকে সাথে নিয়ে দূর্দান্ত জুটি গড়েন শান্ত।

একপ্রান্তে শান্ত সেঞ্চুরি তুলে নিলে ধৈর্য্যর পরিচয় দেখিয়ে আরেক প্রান্তে ফিফটি করেন অধিনায়ক মুমিনুল হক। ৩য় উইকেটে দিনশেষে দু’জনে হার না মানা ১৫০ রানের জুটিতে ২ উইকেটে ৩০২ রান নিয়ে দিনশেষ করে বাংলাদেশ। মুমিনুল ৬৪ ও শান্ত অপরাজিত আছেন ১২৬ রানে। লংকানদের পক্ষে বিশ্ব ফার্নান্দো একাই নেন দুই উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »