নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কয়েকদিন ধরে দমকা বাতাস বয়ে চলেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট অঙ্গনে। দেশটির সরকার ও ক্রিকেট বোর্ড (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বা সিএসএ) আবারো মুখোমুখি অবস্থানে বসেছে। যে কারণে আবার নতুন করে নিষেধাজ্ঞার শঙ্কায় পড়েছে প্রোটিয়ারা।
ক্রিকেটীয় আইন অনুযায়ী, কোনো ক্রিকেট সংস্থায় সরকার যদি প্রত্যক্ষ ভাবে প্রভাব বিস্তার করে তাহলে নিষেধাজ্ঞা ভোগ করতে হয় সে দেশের ক্রিকেট বোর্ড কে। সর্বশেষ এ তালিকায় দক্ষিণ আফ্রিকার সরকার ও ক্রিকেট বোর্ডের মধ্যে চলমান দ্বন্দ্ব বড় আকারে রূপ ধারণ করে চলেছে।
এ বছরই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। সরকার বোর্ডের ওপর থেকে হস্তক্ষেপ বন্ধ না করলে বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে নিষিদ্ধও করতে পারে আইসিসি।
এমন শঙ্কা আর অনিশ্চয়তায় দক্ষিণ আফ্রিকা পুরুষ ও নারী দলের তিন অধিনায়ক ডিন এলগার, টেম্বা বাভুমা ও ড্যান ভন নিকার্ক এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে অধিনায়কেরা বোর্ডের অচলাবস্থা নিরসনের আহ্বান জানিয়েছেন।
নিষিদ্ধ হওয়ার আশঙ্কা প্রকাশ করে বিবৃতিতে তারা জানিয়েছেন,
“এমন এক সময়ে যখন আমাদের ভবিষ্যৎ সম্পর্কে উচ্ছ্বসিত হওয়া উচিত ছিল, তখন আমরা আমাদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন। দক্ষিণ আফ্রিকার পুরুষ দলকে নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে। প্রশাসনের বর্তমান অবস্থা আমাদের প্রস্তুতিকে প্রভাবিত করছে।’’
এছাড়া বিবৃতিতে তিন অধিনায়ক বলেন,'”অচলাবস্থা চলতে থাকলে আইসিসি দক্ষিণ আফ্রিকাকে নিষিদ্ধ করতে পারে। এমন হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারব না। সেটা কিন্তু আমাদের জন্য মোটেও গর্বের ব্যাপার নয়।”
